ছাত্রলীগের তাণ্ডব: এক নেত্রীকে অপহরণের চেষ্টা, ঢাবি সাংবাদিকরা লাঞ্ছিত
ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন চলাকালে বাংলাদেশ ছাত্রলীগের একদল ক্যাডার বুধবার একই সংগঠনের একজন নারী নেত্রীকে অপহরণের চেষ্টা চালায়। ছাত্রলীগ ক্যাডাররা এসময় সাংবাদিক সমিতির তিনজন সদস্যকে লাঞ্ছিত করে।
বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম মহানগর কমিটির মহিলা বিষয়ক সম্পাদিকা মাহবুবা রহমান শিফু ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে এক সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেন, তিনি যদি লিয়াকত শিকদারকে বিয়ে না করেন তাহলে হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হচ্ছে।
তিনি আরো বলেন, স্ত্রী থাকা সত্ত্বেও লিয়াকত শিকদার বার বার তার ওপর চাপ সৃষ্টি করছে।
এসময় ছাত্রলীগ ক্যাডাররা হামলা চালিয়ে শিফুকে অপহরণের চেষ্টা চালায়।
এসময় সাংবাদিকরা প্রতিবাদ করলে ছাত্রলীগ ক্যাডাররা জনকণ্ঠের মাজাহারুল আনোয়ার শিপু, জনতার হাসিবুজ্জামান এবং যায় যায় দিনের ফটো সাংবাদিক শরীফ সারোয়ারকে লাঞ্ছিত করে।
এ ঘটনার প্রতিবাদে সাংবাদিক সমিতি ক্যাম্পাসে মিছিল করে ভিসির কাছে স্মারকলিপি প্রদান করেছে।
এর আগে সাংবাদিক সমিতি বৈঠক করে ছাত্রলীগের সংবাদ বর্জনের সিদ্ধান্ত নেয়। এছাড়া সাংবাদিক সমিতি ছাত্রলীগ নেতাদের সমিতির অফিসে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করে।
হামলাকারী ক্যাডাররা হলো- ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রচার সম্পাদক আশরাফুর রহমান, জাকারিয়া কবির, সোহেল রানা টিপু, নাজমুল আলম সিদ্দিকী, জসিমউদ্দিন ভূঁইয়া, আশরাফ, ফরহাদ ও নুরুজ্জামান।
এ ব্যাপারে লিয়াকত শিকদারের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
