গণগ্রেপ্তারের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামছে মানবাধিকার সংগঠনগুলো
বিরোধী দলগুলোর ১১ জুনের ঢাকা অবরোধ কর্মসূচিকে সামনে রেখে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবৈধ ও অসাংবিধানিক গণগ্রেপ্তারের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামছে মানবাধিকার সংগঠনগুলো।
দেশের ১৩টি মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ অবিলম্বে গ্রেপ্তারকৃত ব্যক্তিদের মুক্তি ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।
বাংলাদেশ বার কাউন্সিলের মানবাধিকার ও আইনি সহায়তা কমিটির চেয়ারম্যান জেডআই খান পান্না এক সাংবাদিক সম্মেলনে বলেন, হাইকোর্টের নির্দেশ অমান্য করে বিচার বহির্ভূত, অমানবিক, অগণতান্ত্রিক ও অসাংিবিধানিকভাবে সরকার গণগ্রেপ্তার চালিয়েছে।
তিনি আরো বলেন, সুপ্রিম কোর্ট খোলার পর আমরা গণগ্রেপ্তারের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামব।
এদিকে আইন ও সালিশ কেন্দ্র ৪ জুন স্বরাষ্ট্র সচিব, আইজিপি এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে দেওয়া এক স্মারকলিপিতে অবিলম্বে গ্রেপ্তারকৃতদের মুক্তি এবং তাদেরকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে। আইন ও সালিশ কেন্দ্রের জরিপ প্রতিবেদন অনুযায়ী ১ থেকে ৬ জুন পর্যন্ত ১১টি থানায় ৫৩২জনকে আটক করা হয়। এর মধ্যে ৪১৫ জনকে অমিমাংসিত মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে এবং ১১৭ জনকে ডিএমপি অ্যাক্টে আটক দেখানো হয়েছে।
১৩টি মানবাধিকার সংগঠনের মধ্যে রয়েছে-- বাংলাদেশ বার কাউন্সিল, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন, আইন ও সালিশ কেন্দ্র, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, বাংলাদেশ লিগ্যাল এইডস এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি (বেলা), বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি, কর্মজীবী নারী, হট লাইন হিউম্যান রাইটস বাংলাদেশ, নিজেরা করি, নারী পক্ষ, সেন্টার ফর রিহ্যবিলেটেশন অব টর্চার সারভাইভার্স বাংলাদেশ এবং ভূমি সংস্কার ও উন্নয়ন পরিষদ।
