২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে নুরুল হক দারোগা হত্যা মামলায় মকীম গাজীর যাবজ্জীবন কারাদণ্ড

পটুয়াখালীর বহুল আলোচিত সাবেক পুলিশ কর্মকর্তা ও ছোট বিঘাই ইউপি চেয়ারম্যান নুরুল হক সিকদার ওরফে নুরু দারোগা হত্যা মামলার প্রধান আসামী কুখ্যাত ডাকাত সর্দার মকীম গাজীকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2006, 02:17 PM

Updated : 26 Apr 2022, 03:43 PM

পটুয়াখালীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এবিএম সাজিদুর রহমান জনাকীর্ণ আদালতে বুধবার বেলা সাড়ে ১১টায় এই রায় ঘোষণা করেন।

এ মামলার অপর ১৯ জন আসামির বিরুদ্ধে অপরাধ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস প্রদান করা হয়েছে।

আদালত সূত্র জানায়, ১৯৮৯ সালের ২৯ এপ্রিল রাতে কুখ্যাত ডাকাত সর্দার ও দু’বার জেল পলাতক এবং ১১৫ বছর দণ্ডপ্রাপ্ত আসামী মকীম গাজীর নেতৃত্বে আসামিরা পটুয়াখালী সদর উপজেলার ছোট বিঘাই ইউনিয়নের তৎকালীন চেয়ারম্যান ও পুলিশের সাবেক ইন্সপেক্টর নুরুল হক সিকদার ওরফে নুরু দারোগাকে উপর্যুপরি কুপিয়ে ও গুলি করে হত্যা করে।

এইদিন রাত সাড়ে ৯টার দিকে আসামিরা পুলিশের পোষাক পরে নিহতের বাসভবনে প্রবেশ করে এই হত্যাকাণ্ড ঘটায় বলে মামলার বিবরণে জানা যায়।

মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে ২৩ জনকে আসামী করে আদালতে চার্জশীট দাখিল করে। ওই আসামীদের মধ্যে হাসেম মৃধা ও রকমান ফকির নামে দুইজন ইতোমধ্যে মারা গেছে এবং খোকন মৃধা নামের একজন আসামী এখনও পলাতক রয়েছে।

৩৪ জন স্বাক্ষীর মধ্যে চারজন স্বাক্ষী মৃত্যুবরণ করায় বাকি ৩০ জনের মধ্যে ১৭ জনের স্বাক্ষ্য গ্রহণ করে আদালত।

এই মামলার প্রধান আসামী মোহাম্মদ মকীম উদ্দিন গাজী ওরফে মকীম গাজী দেশের বিভিন্ন জেলায় সংগঠিত হত্যা ও ডাকাতি মামলার রায়ে ইতোমধ্যে ১১৫ বছর সশ্রম কারাদণ্ড ভোগ করছে। মকীম গাজী ঢাকা কেন্দ্রীয় কারাগার ও ঢাকার একটি কোর্ট হাজত থেকে দুইবার পালিয়েছিল।

১২০ দিনে এই বিচারকার্য সম্পন্ন হয়েছে।