সাতক্ষীরা ও বেনাপোল সীমান্তে বিএসএফ’র গুলিতে ৩ বাংলাদেশী নিহত, (সমন্বিত)
সাতক্ষীরা সদরের লক্ষ্মীদাড়ি এবং বেনাপোলের শার্শায় অগ্রভূলোট সীমান্তে সোমবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে তিন বাংলাদেশী নাগরিক নিহত হয়েছে।
বিডিনিউজ সাতক্ষীরা প্রতিনিধি জানান, জেলার লক্ষ্মীদাড়ি সীমান্তে বিএসএফ’র গুলিতে একজন অজ্ঞাতনামা যুবকসহ দুই বাংলাদেশী গরু ব্যবসায়ী নিহত হয়েছে।
নিহত গরু ব্যবসায়ীর নাম হারুন গাজী (৩২)। সে লক্ষ্মীদাড়ি গ্রামের ছদরুদ্দিন গাজীর ছেলে। অজ্ঞাতনামা যুবকের বয়স ৩২।
সীমান্ত অঞ্চলের গ্রামবাসী সূত্র জানায়, ভোরে ১০ বাংলাদেশী গরু চোরাকারবারি ভারত থেকে গরু নিয়ে লক্ষ্মীদাড়ি সীমান্তের ৪ নং মেইন পিলারের ৪ নং সাব পিলারের জিরো পয়েন্টে পৌঁছালে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি করে।
এতে ঘটনাস্থলেই হারুন গাজী ও অপর এক অজ্ঞাত বাংলাদেশী নিহত হয়।
নিহত হারুন গাজীর লাশ তার সঙ্গীরা বাংলাদেশে টেনে আনলেও অপর জনের লাশ বিএসএফ জিরো পয়েন্ট থেকে টেনে ভারত সীমান্তের মধ্যে নিয়ে যায়।
সাতক্ষীরা ৪১ রাইফেলস ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল আসাদুর রহমান খান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
এদিকে একই দিন দুপুর ১২টায় একই সীমান্তের ৩নং মেইন পিলারের ৭নং সাব পিলারের পাশ দিয়ে একদল চোরাকারবারি মালামাল নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিডিআরও তাদের লক্ষ্য করে ১০/১২ রাউন্ড গুলি চালায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বিডিনিউজ যশোর প্রতিনিধি জানান, বেনাপোলের শার্শায় অগ্রভূলোট সীমান্তে বিএসএফ ঝাঁউতলা ক্যাম্পের জোয়ানরা সোমবার ভোরে এক বাংলাদেশী গরু ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে।
নিহত ব্যবসায়ীর নাম শহীদুল ইসলাম (৩২)। সে শার্শা অগ্রভূলোট গ্রামের আব্দুস সালামের ছেলে।
বিডিআর সূত্র জানায়, বাংলাদেশী গরু ব্যবসায়ীরা ভারতীয় গরু ব্যবসায়ীদের কাছ থেকে গরু কিনে ইছামতি নদী পার হওয়ার সময় শার্শার অগ্রভূলোট সীমান্তের বিপরীতে বিএসএফ জোয়ানরা এলাপাথারি গুলিবর্ষণ করলে শহীদুল মারা যায়।
এ ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
