২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনা ও বরিশাল বিভাগ ফাইবার অপটিক ক্যাবল নেটওয়ার্কের সুবিধা থেকে বঞ্চিত

খুলনা ও বরিশাল বিভাগের ১৬টি জেলার মানুষ ফাইবার অপটিক ক্যাবল নেটওয়ার্কের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2006, 09:24 AM

Updated : 26 Apr 2022, 03:43 PM

গত ২১ মে কক্সবাজারে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এ নেটওয়ার্কের উদ্বোধন করেন। এ নেটওয়ার্কের সুবিধার অভাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শিক্ষা, ব্যবসা-বাণিজ্য,শিল্প কারখানা সহ বিভিন্ন সেক্টর প্রতিযোগীতায় পিছিয়ে পড়বে।

সূত্র মতে, গত ২১ মে ২০ হাজার কিলোমিটার বিস্তৃত সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং ষ্টেশনের উদ্বোধন করা হয়। দেশের যে ৪১টি জেলায় বাংলাদেশ টেলিফোন এবং টেলিগ্রাফ বোর্ডে (বিটিটিবি) ফাইবার অপটিক ক্যাবল নেটওয়ার্ক রয়েছে সে সব জেলায় সাবমেরিন ক্যাবলের সুবিধা পাবে। তবে এ জন্য ২ মেগাবাইটের বেশী ব্যান্ড উইথ পাওয়ার জন্য বাড়তি প্রযুক্তিগত অবকাঠামো লাগবে।

সাব মেরিন ক্যাবল থেকে সংযোগ পাওয়ার জন্য বাংলাদেশ টেলিফোন এবং টেলিগ্রাফ বোর্ড (বিটিটিবি) দেশের ৪টি স্থানে ইন্টারনেট প্লাটফরম (আইপি) বসিয়েছে। এগুলো হলো, ঢাকা, চট্টগ্রাম, বগুড়া ও সিলেট। ফলে খুলনা বরিশাল সহ দক্ষিণ-পশ্চিমাঞ্চল সাব মেরিন ক্যাবলের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।

এ সব এলাকা ডিডিএন এর মাধ্যমে শুধুমাত্র সাবমেরিন ক্যাবলের সাথে যুক্ত হতে পারবে। এ ক্ষেত্রে ২ মেগাবাইটের বেশী গতি পাওয়া যাবে না।

ফলে এ অঞ্চলের প্রকৌশল বিশ্ববিদ্যালয় সহ ২টি বিশ্ববিদ্যালয়, বন্দর, দেশের সর্ববৃহৎ চিংড়ি শিল্প এবং আইটি নির্ভর নানা রকম ব্যবসা বাণিজ্য অত্যাধুনিক তথ্য প্রযুক্তি হতে পিছিয়ে পড়ছে।

ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স সহ সংশ্লিষ্টরা জানান, সাবমেরিন ক্যাবল সংযুক্তির ফলে ইন্টারনেটের গতি বৃদ্ধি ও খরচ কমে আসবে। পাশাপাশি ই-ব্যাংকিং, ভিডিও কনফারেন্স সহ আইটি নির্ভর ব্যবসা ও সেবা খাতের প্রসার ঘটবে।  বিশেষ করে রেল সংযোগ থাকার ফলে বিষয়টি সুবিধাজনক হবে।

সরকারের একটি মহল অভিযোগ করে বলছে, খুলনা ও বরিশাল বিভাগে ক্যাবল সংযোগ দেয়া হলে পর্যাপ্ত রাজস্ব পাওয়া যাবে না।

খুলনায় ইন্টারনেট প্লাটফরম নির্মাণ সহজতর হবে বলে মনে করেন আইটি বিশেষজ্ঞরা।