সাতক্ষীরা সীমান্তে বিএসএফ’র গুলিতে ২ বাংলাদেশী নিহত
সাতক্ষীরা সদরের লক্ষ্মীদাড়ি সীমান্তে সোমবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র গুলিতে দুই বাংলাদেশী নিহত হয়েছে।
নিহতরা হলো-- লক্ষ্মীদাড়ি গ্রামের ছদরুদ্দিন গাজীর ছেলে হারুন গাজী (৩২) ও অজ্ঞাত এক যুবক।
সীমান্ত গ্রামবাসী জানায়, ভোরে ১০ বাংলাদেশী গরু চোরাকারবারি ভারত থেকে গরু নিয়ে লক্ষ্মীদাড়ি সীমান্তের ৪ নং মেইন পিলারের ৪ নং সাব পিলারের জিরো পয়েন্টে পৌঁছুলে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি করে। এতে ঘটনাস্থলেই হারুন গাজী ও অজ্ঞাত ওই বাংলাদেশী নিহত হয়।
নিহত হারুন গাজীর লাশ তার সঙ্গীরা বাংলাদেশে টেনে আনলেও অপর জনের লাশ বিএসএফ জিরো পয়েন্ট থেকে টেনে ভারত সীমান্তের মধ্যে নিয়ে যায়।
এ ব্যাপারে সাতক্ষীরা ৪১ রাইফেলস ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল আসাদুর রহমান খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
এদিকে একই দিন দুপুর ১২টায় একই সীমান্তের ৩নং মেইন পিলারের ৭নং সাব পিলারের পাশ দিয়ে একদল চোরাকারবারি মালামাল নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিডিআরও তাদের লক্ষ্য করে ১০/১২ রাউন্ড গুলি চালায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
