মধুমতি মডেল টাউনের এমডি, ডিএমডি’র বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ডিবি
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে মধুমতি মডেল টাউনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)এ.এফ এম জাহাঙ্গীর ও উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মঈনুল ইমরান চৌধুরীর বিরুদ্ধে প্লট গ্রহীতাদের টাকা আত্মসাতের ঘটনায় তদন্ত শুরু করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সম্প্রতি মধুমতি মডেল টাউনের প্লট গ্রহীতা মো. আলমগীর হোসেন ও তাশদীদ আহমেদ ১০০০ প্লট গ্রহীতার পক্ষে প্রকল্পের এমডি ও ডিএমডির বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কার্যালয়সহ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, দুর্নীতি দমন কমিশন ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিকট টাকা আত্মসাতের এ অভিযোগ করেন।
তারা অভিযোগে জানান, (এমডি) এ এফ এম জাহাঙ্গীর ও ডিএমডি মঈনুল ইমরান চৌধুরী এই কোম্পানির চেয়ারম্যানের স্বাক্ষর জাল করে ব্যাংক থেকে টাকা উত্তোলনসহ সকল পরিচালকদের ফাঁকি দিয়ে টাকা আত্মসাৎ করেছেন। এছাড়া তারা কোম্পানির ৩০ বিঘা জমি ব্রিটিশ আমেরিকান ইউনিভার্সিটির কাছে বিক্রি করে সম্পূর্ণ টাকা আত্মসাত করলে অধিকাংশ শেয়ার হোল্ডারগণের মাঝে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, কোম্পানিটি এখন বন্ধের উপক্রম হয়ে পড়েছে এবং প্লট গ্রহীতাদের মধ্যে দেখা দিয়েছে বুকিং এর টাকা ফেরত না পাওয়ার অনিশ্চয়তা। যারা পুরো কিস্তির টাকা পরিশোধ করেছেন তাদেরও অনেকেই প্লট বুঝে পাননি বলেও অভিযোগ রয়েছে।
মন্ত্রণালয় সূত্র জানায়, কোম্পানির এমডি ও ডিএমডির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদনের প্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়ায় ডিবি ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।
তদন্তকারি কর্মকর্তা অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা) শফিকুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজকে বলেন, তদন্তের কাজ চলছে। প্রাথমিক ভাবে কোম্পানির এমডি ও ডিএমডির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে।
