রাষ্ট্রদ্রোহিতা ও হুমায়ুন আজাদ হত্যা প্রচেষ্টা মামলায় জেএমবি’র শীর্ষ নেতাদের বিভিন্ন মেয়াদের রিমাণ্ড
রাষ্ট্রদ্রোহিতা মামলায় জেএমবি প্রধান শায়খ আবদুর রহমান, বাংলাভাইসহ পাঁচজনকে ১০ দিনের রিমাণ্ডে নেওয়া হয়েছে। পুরোনো ঢাকার একটি ছাপাখানায় জঙ্গিবাদ বিষয়ক লিফলেট প্রচার করে আইন শৃঙ্খলা ভঙ্গের দায়ে কোতয়ালী থানায় মামলাটি দায়ের করা হয়।
এছাড়া অধ্যাপক ড: হুমায়ুন আজাদ হত্যা প্রচেষ্টা মামলায় শায়খ রহমান ও আতাউর রহমান সানিকে সাত দিনের রিমাণ্ড দেওয়া হয়।
সোমবার কোতয়ালী থানার এস আই আখতারুজ্জামান প্রধান রাষ্ট্রদ্রোহিতা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমাণ্ডের আবেদন করলে ঢাকা সিএমএম আদালতের ম্যাজিস্ট্রেট শফিক আনোয়ার শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।
অধ্যাপক ড: হুমায়ুন আজাদ হত্যা প্রচেষ্টা মামলায় একই আদালতে শায়খ রহমান ও সানিকে গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য সিআইডি ইন্সপেক্টর আবদুল মালেক সাত দিনের রিমাণ্ড চাইলে আদালত তা মঞ্জুর করেন।
দুপুরে মাথায় হেলমেট ও বুলেটপ্র“ফ জ্যাকেট পরিয়ে শায়খ আবদুর রহমান, সিদ্দিকুল ইসলাম বাংলা ভাই, আতাউর রহমান সানি, আবদুল আউয়াল, খালেদ সাইফুল্লাহকে আদালতে হাজির করা হয়।
আদালতে শুনানির সময় শায়খ রহমান চিৎকার করে আদালত বিরোধী বিভিন্ন মন্তব্য করে এবং অন্য জঙ্গি সদস্যরা তার বক্তব্যকে স্বাগত জানায়।
এছাড়াও গত বছর ৮ সেপ্টেম্বর দক্ষিণ বাসাবোর একটি বাড়ি থেকে বিপুল পরিমাণ বোমা বানানোর সরঞ্জাম, কম্পিউটার, ডেটোনেটর, জিহাদী বই, ডলার উদ্ধারের পর সবুজবাগ থানায় দায়েরকৃত বিস্ফোরকদ্রব্য আইন মামলার আসামী সানিকে ঢাকার মহানগর ৫নং বিশেষ ট্রাইব্যুনালে আনা হয়। ওই আদালতে মামলাটির সাক্ষ্যগ্রহণ চলছে।
