বরিশাল পলিটেকনিক কলেজে ছাত্রদের বিক্ষোভ, অধ্যক্ষের কক্ষ ভাংচুর
বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্ররা রোববার দুপুরে বিভিন্ন দাবিতে অধ্যক্ষের কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করেছে।
এছাড়া বিক্ষুব্ধ ছাত্ররা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে পরে তারা বিভিন্ন বিভাগে হামলা ও ভাংচুর চালায়।
৫ম ও ৭ম পর্বের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এর বৃত্তির টাকা এবং আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠানের দাবিতে ছাত্ররা এ হামলা চালায়।
জানা গেছে, দীর্ঘ এক মাস আগে বৃত্তি বাবদ প্রায় অর্ধলক্ষ টাকা পলিটেকনিক কলেজে আসে। কিন্তু ওই টাকা ছাত্রদের না দিয়ে কলেজ কর্তৃপক্ষ আত্মসাৎ করেছে বলে ছাত্ররা অভিযোগ করে। এর ফলে ছাত্ররা বিক্ষুব্ধ হয়ে এ হামলা চালায়।
এ ব্যাপারে ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ছাত্রদের সকল দাবি মেনে নেওয়া হয়েছে।
