২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৯৯৭ সালের নারী উন্নয়ন নীতি পুনর্বহালের দাবি

মহিলা পরিষদ আয়োজিত গোল টেবিল বৈঠকের বক্তারা ১৯৯৭ সালের জাতীয় নারী উন্নয়ন নীতির পুনর্বহাল এবং তা বাস্তবায়নের দাবি জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2006, 05:00 PM

Updated : 26 Apr 2022, 03:43 PM

সিরডাপ মিলনায়তনে শনিবার ‘জাতীয় নারী উন্নয়ন নীতি পুনর্বহাল চাই’ শীর্ষক এক গোল টেবিল বৈঠকে এ দাবি জানানো হয়।

এতে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের আন্দোলন উপ -- পরিষদের কেন্দ্রীয় কমিটির সম্পাদিকা রেখা চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদিকা আয়শা খানম।     

গোল টেবিল বৈঠকে বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভানেত্রি হেনা দাস, কমিউনিস্ট পার্টির সভাপতি মণ্ডলীর সদস্য অধ্যাপক এমএম আকাশ, গণতন্ত্রী পার্টির উপদেষ্টা মণ্ডলীর চেয়ারম্যান আজিজুল ইসলাম খান প্রমুখ। 

রেখা চৌধুরী তার লিখিত বক্তব্যে বলেন, সরকার ২০০৪ সালে কোনো রকম আলোচনা ছাড়াই এ নীতির পরিবর্তন করে। জাতীয় সংসদের সংরক্ষিত আসনে পূর্বতন মনোনয়ন পদ্ধতি বহাল রাখার ঘটনায় গত বছর এটি প্রকাশ পায়।

তিনি জানান, সংশোধিত নারী উন্নয়ন নীতিতে অর্থনীতির সকল কর্মকাণ্ডে নারীর সক্রিয় ও সমঅধিকার নিশ্চিতকরণ ধারায় সমান অধিকার বাদ দিয়ে সংবিধান সম্মত অধিকার করা হয়েছে। এতে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের ক্ষেত্রে উত্তরাধিকার, সম্পদ এবং ভূমির ওপর অধিকার শব্দগুলো সম্পূর্ণ বাদ দেওয়া হয়েছে।

রাশেদ খান মেনন বলেন, নারী উন্নয়ন নীতির পুনর্বহালের ইস্যুর সাথে সাম্প্রদায়িকতা, বিশ্বায়নের  বিরুদ্ধে আন্দোলনকে যুক্ত করলে এ আন্দোলন শক্তিশালী হবে।