চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষক ও তার ছেলে নিহত, স্ত্রী গুরুতর আহত
চট্টগ্রামের কাফকোর কাছে পটিয়া--আনোয়ারা-- বাশখালী (পিএবি) সড়কে শুক্রবার দুপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক কলেজ শিক্ষক ও তার ছেলে নিহত এবং স্ত্রী গুরুতর আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, তারা স্বপরিবার সিএনজি চালিত অটোরিক্সা যোগে বেড়াতে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে কলেজ শিক্ষক চৌধুরী আনোয়ার উল করিম (৪৩), তার ছেলে চৌধুরী হাসিম ইসতিয়াক রিপন (১২) ঘটনাস্থলেই নিহত হন।
গুরুতর আহত অবস্থায় তার স্ত্রী জাহিদা সুলতানাকে নগরীর একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
অটোরিক্সা চালক ও কলেজ শিক্ষকের গৃহপরিচারিকা সম্পূর্ণ অক্ষতভাবে বেঁচে যায়।
নিহত চৌধুরী আনোয়ার উল করিম নাসিরাবাদ সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক, তার স্ত্রী চট্টগ্রাম সরকারি কলেজের বোটানীর সহকারী অধ্যাপক এবং ছেলে চৌধুরী হাসিম ইসতিয়াক রিপন সরকারি হাইস্কুলের ছাত্র।
নিহতদের লাশ নগরীর কাজেম আলী স্কুল সংলগ্ন বাস ভবনে নেওয়া হয়েছে। শনিবার সকাল ১০টায় প্যারেড কর্ণারে জানাজা শেষে দুপুরে রাঙ্গুনিয়া থানার বেতাগী গ্রামে নিহতদের লাশ দাফন করা হবে।
শিক্ষক পরিবারের এই মর্মান্তিক পরিনতিতে চট্টগ্রামের শিক্ষক সমাজের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, সচিব ও শিক্ষকবৃন্দ তাদের এ মৃত্যুতে গভীর সমবেদনা জানান।
