পঞ্চগড়ে বোরো ধানের বাম্পার ফলন, দামও আশানুরূপ
পঞ্চগড়ে এ বছর বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। উৎপাদন খরচের তুলনায় হাট -- বাজারে ধানের দাম আশানুরূপ হওয়ায় কৃষকরাও ভীষণ খুশী।
কৃষকরা জানান, বোরো মৌসুমের শুরুতে বীজ সংকট, ইউরিয়া সারের মূল্য বৃদ্ধি, জ্বালানী তেলের সংকট ও মূল্য বাড়লেও বোরো চাষে তাদের আগ্রহ ছিলো বেশি। এ কারণে এবার লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। ধান -- কাটা ও মাড়াই পর্যন্ত আবহাওয়া অনুকুল থাকায় ধানের ফলনও হয়েছে ভাল।
পঞ্চগড় কৃষি সম্প্রসাপরণ অধিদফতর সূত্র জান্য়া, চলতি মৌসুমে জেলায় ৩১ হাজার ৭৫০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় চার হাজার ৫০০ হেক্টর, বোদা উপজেলায় নয় হাজার ৯৫০ হেক্টর, দেবীগঞ্জ উপজেলায় ১০ হাজার ১০০ হেক্টর, তেঁতুলিয়া উপজেলায় দু হাজার ৬৫০ হেক্টর এবং আটোয়ারী উপজেলায় চার হাজার ৫০০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে।
তবে কৃষি বিভাগের পরিসংখ্যানের চেয়ে আরও বেশি আবাদ হয়েছে বলে কৃষকরা জানিয়েছেন। চলতি বছর পঞ্চগড় জেলা থেকে প্রায় এক লাখ ১৩ হাজার মেট্রিক টন ধান উৎপাদন হবে বলে কৃষি বিভাগ আশা করছে।
সদর উপজেলার আমলাহার গ্রামের কৃষক মনোরঞ্জন রায় ও চিড়াকূটি গ্রামের জহিরুল ইসলাম বিডিনিউজকে জানান, চলতি মৌসুমে ইউরিয়া সারের মূল্য বৃদ্ধি ও বিদ্যুতের অব্যাহত লোডশেডিং থাকলেও এবার আবহাওয়া অনুকুল থাকায় বোরোর ফলন ভাল হয়েছে। বিঘা প্রতি ২০ -- ২২ মন ধান উৎপাদন হয়েছে।
তারা আরও জানান, উৎপাদন খরচের তুলনায় বাজারে ধানের দাম বেশি। সরকারিভাবে ধান --চালের সংগ্রহ মূল্য কৃষকদের হতাশ করেছে। প্রতি কেজি ধান নয় টাকা ৭৫ পয়সা এবং চাল সাড়ে ১৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
পঞ্চগড় সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনসুর রহমান বিডিনিউজকে জানান, কৃষকদের বোরো ধান আবাদের বিষয়ে মাঠ পর্যায়ে উদ্বুদ্ধ করায় এবার কৃষকরা বেশি জমিতে চাষ করেছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ -- পরিচালক মোহাম্মদ আফাজ উদ্দীন জানান, চলতি বোরো মৌসুমে কৃষকরা উচ্চ ফলনশীল ও দেশী জাতের বোরো ধানের আবাদে ঝুঁকে পড়ায় ধান চাষ বেড়েছে। ফলনও হয়েছে আশানুরূপ।
