২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রা.বি.’র উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অভিযোগকারীকে প্রাণনাশের হুমকি

যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষক নুরুল আমিন অভিযোগকারী ছাত্রী ও অপর দুই শিক্ষককে প্রাণনাশের হুমকি দিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। জীবনের নিরাপত্তা চেয়ে ওই ছাত্রী এবং শিক্ষকদ্বয় মতিহার থানায় সাধারণ ডায়েরি করেছেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2006, 06:49 PM

Updated : 26 Apr 2022, 03:42 PM

সূত্র জানায়, অতি সম্প্রতি উদ্ভিদ বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের এক ছাত্রী একই বিভাগের শিক্ষক অধ্যাপক নুরুল আমিনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন। ছাত্রীর লিখিত অভিযোগের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সাত সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে। কমিটির তদন্ত সাপেক্ষে প্রশাসন নুরুল আমিনকে সাময়িক বরখাস্ত করে এবং তার বিরুদ্ধে আনীত অভিযোগের আরো সুস্পষ্ট তদন্তের জন্যে উচ্চ পর্যায়ে আরেকটি তদন্ত কমিটি গঠন করে।

সূত্র আরো জানায়, চলতি মাসের ১০ তারিখ সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী সাময়িক বরখাস্ত হওয়ার পর থেকে গত কয়েকদিন থেকে নুরুল আমিন অভিযোগকারী ওই ছাত্রীকে অভিযোগ তুলে নেয়া এবং একই বিভাগের অপর দুই শিক্ষক ড. আনিসুজ্জামান এবং মাহবুবুর রহমানকে রিভিউ তদন্ত কমিটির কাছে তার পক্ষে কথা বলার জন্যে বলেন।

অভিযোগকারী ছাত্রী এবং দুই শিক্ষক জানিয়েছেন, প্রস্তাবে রাজি না হলে নুরুল আমিন তার তাদের প্রাণনাশের হুমকি দেন।

এদিকে এ হুমকির পর তারা তিনজনই বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার, প্রক্টরসহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তাদের বিষয়টি জানান। পরে তারা মতিহার থানায় পৃথক তিনটি সাধারণ ডায়েরি করেন।

মতিহার থানার কর্তব্যরত অফিসার জানান, তারা তিনজনই জীবনের নিরাপত্তা চেয়ে ২৯ মে পৃথক তিনটি সাধারণ ডায়েরি করেছেন।

নুরুল আমিনের সাথে যোগাযোগ করা হলে তিনি হুমকির বিষয়টি অস্বীকার করেন।

বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. এনামুল হক বলেন, তাদের অভিযোগ আমরা পেয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।