২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় সাংবাদিকদের ওপর হামলার নিন্দা জানিয়েছেন প্রশিকা সভাপতি

কুষ্টিয়ায় সাংবাদিকদের শান্তিপূর্ণ সমাবেশে বিএনপি ক্যাডারদের হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন প্রশিকার সভাপতি ড. কাজী ফারুক আহমেদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2006, 05:23 PM

Updated : 26 Apr 2022, 03:42 PM

কাজী ফারুক আহমেদ বুধবার বলেন, বিএনপি’র স্থানীয় সাংসদ শহীদুল ইসলামের ক্যাডররা সাংবাদিকদের শান্তিপূর্ণ সমাবেশে হামলা চালায়। এতে দৈনিক অবজারভারের সম্পাদক এবং বিএফইউজে’র বিদায়ী সভাপতি ইকবাল সোবহান চৌধুরীসহ ৩২ জন সাংবাদিক আহত হন।

সাংবাদিকদের ওপর হামলার ন্যক্কারজনক এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ক্ষমতাসীন বিএনপি’র সাংসদের ছত্রছায়ায় থেকে এ ধরনের ঘৃণ্য ও কাপুরুষোচিত হামলার নিন্দা জানানোর ভাষা আমাদের নেই।

তিনি উল্লেখ করেন, ইতোমধ্যে বেশ কয়েকজন সাংবাদিক হয়রানিমূলক মামলা ও অব্যাহত হুমকির ফলে এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন।

তিনি বলেন, বাংলাদেশ ইতোমধ্যে সাংবাদিকদের জন্য ভয়ঙ্কর একটি দেশ হিসেবে বিশ্বের কাছে পরিচিতি পেয়েছে। বিএনপি সাংসদের ক্যাডারদের সোমবারের হামলা এ সত্যকে প্রতিষ্ঠিত করল বলে তিনি জানান।

কাজী ফারুক এ ধরনের ন্যক্কারজনক ঘটনার জন্য দায়ীদের পদচ্যুতি এবং গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।