আলু বীজ সংকট নিরসনে হল্যান্ড থেকে নতুন বীজ আসছে
দেশের আলু বীজ সংকট নিরসনে হল্যান্ড থেকে কয়েকটি নতুন জাতের উন্নতমানের আলু বীজ আমদানি করা হচ্ছে। এসব বীজের মান নিশ্চিত করতে ইতোমধ্যেই কৃষি মন্ত্রণালয়ের বীজ বোর্ডে জমা দেওয়া হয়েছে।
বীজ বোর্ডের প্রতিবেদনের ভিত্তিতে ইতোমধ্যে বীজ শাখা থেকে ‘অ্যাসটেরিক্স’ জাতের বীজের জন্যে ছাড়পত্র দেওয়া হয়েছে। অচিরেই আরো একাধিক বীজের ছাড়পত্র দেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
ব্যবসায়ী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, হল্যান্ড থেকে বর্তমানে কয়েকটি জাতের আলু বীজ দেশে আসে। তবে এরমধ্যে ডায়মন্ড ও কারডিনাল জাতের আলু বীজই আসে ৯০ শতাংশ। এসব জাতের আলু অপেক্ষাকৃত কম ভাইরাস আক্রান্ত হয়।
কিন্তু গত আলু মৌসুমে ডায়মন্ড জাতের আলুতে ‘স্ক্র্যাব’ নামে এক ধরনের ভাইরাস আক্রমণ করে। এতে বৃহত্তম আলু উৎপাদনকারি এলাকা মুন্সিগঞ্জ, কুমিল্লা, রংপুর, লালমনিরহাটসহ উত্তরবঙ্গের প্রায় প্রতিটি জেলা উৎপাদন ব্যাহত হয়।
এ অবস্থা চলতি মৌসুমে দেশে আলু ও আলু বীজের সংকট দিতে পারে বলে সংশ্লিষ্টরা আশংকা করছেন।
সূত্র জানায়, এ অবস্থায় হল্যান্ডের বৃহত্তম আলু বীজ উৎপাদনকারি প্রতিষ্ঠান এইচজেডপিসি’র উৎপাদিত আলু বীজ আমদানি করে দেশের সম্ভাব্য বীজ সংকট মোকাবেলার উদ্যোগ নেয়া হয়েছে।
এতে কারডিনাল জাতের বীজের বিপরীতে নতুন জাতের ফেলসিনা এবং ডায়মন্ড জাতের বীজের বিপরীতে অ্যাসটেরিক্স বীজ আমদানির চেষ্টা চলছে। এসব বীজ অপেক্ষাকৃত বেশি ভাইরাস প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন।
এছাড়াও ভিক্টোরিয়া, বারাকা, রিমারকা, কারেজ, ইনোভেশন, বিনজে ও জিরালাসহ আরো ১০ জাতের বীজ আমদানির জন্যে ছাড়পত্র পেতে আমদানিকারকরা বীজ বোর্ডের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
এ ব্যাপারে এইচজেডপিসি, হল্যান্ডের বাণিজ্যিক ব্যবস্থাপক বার্নার্ড মেনকি বিডিনিউজকে জানান, কেউই ভাইরাসমুক্ত বীজ সরবরাহ করতে পারবে না। তবে আমরা ভালো ও মানসম্মত বীজ সরবরাহ নিশ্চিত করবো। আমরা আমাদের সরকারের মান নিয়ন্ত্রণ প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে মানসম্মত বীজ উৎপাদন করছি। যেন আমাদের বাজার নষ্ট না যায়।
এইচজেডপিসি’র স্থানীয় এজেন্ট ব্লু--মুন ইন্টারন্যাশনালের স্বত্ত্বাধিকারি আনোয়ারুল হক জানান, গত মৌসুমে চাষীরা পুরনো ডায়মন্ড জাতের বীজ থেকে আলু উৎপাদন করতে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ অবস্থায় ভালো জাতের ও অতিরিক্ত ভাইরাস প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন বীজ খুবই প্রয়োজন। আমরা এ ব্যাপারে আমাদের তৎপরতা চালিয়ে যাচ্ছি।
কৃষি মন্ত্রণালয়ের বীজ শাখার মহাপরিচালক আনোয়ার ফারুক জানান, দেশে ভালো মানের আলু বীজের সংকট সৃষ্টি হয়েছে। এ অবস্থায় ভালো মানের বীজকে স্বাগত জানানো হবে। তবে এর যথাযথ মান নিশ্চিত করেই ছাড়পত্র দেওয়া হবে।
