সংসদ এলাকায় বীরশ্রেষ্ঠ মতিউরের দেহাবশেষ কবরস্থ করার দাবি জানিয়েছে নাগরিক অধিকার
নাগরিক অধিকার আন্দোলন সংসদ ভবন এলাকায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের দেহাবশেষ কবরস্থ করা এবং আগামী প্রজন্মের কাছে স্বাধীনতার সংগ্রামের চেতনা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সেখানে বীরশ্রেষ্ঠ মেমোরিয়াল কমপ্লেক্স নির্মাণের দাবি জানিয়েছে।
জাতীয় প্রেসক্লাবে সোমবার এক সংবাদ সম্মেলনে আন্দোলনের নেতৃবৃন্দ এ দাবি জানান। সংগঠনের প্রধান উপদেষ্টা সাবেক সচিব মার্গুব মোর্শেদের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের মহাসচিব তুষার রহমান।
সংবাদ সম্মেলনে অপর ছয় বীরশ্রেষ্ঠর দেহাবশেষ সংসদ এলাকার বীরশ্রেষ্ঠ মেমোরিয়াল কমপ্লেক্সে নিয়ে আসাসহ চার দফা দাবি উত্থাপন করা হয়।
এছাড়া নাগরিক অধিকার মুক্তিযুদ্ধের বিভিন্ন তথ্যপ্রমাণ তুলে ধরার মতো মেমোরিয়াল কমপ্লেক্সের অবকাঠামো সুবিধা নিশ্চিত করা, বাংলাদেশ সামরিক জাদুঘরের নাম পরিবর্তন করে ‘স্বাধীনতা যুদ্ধ সামরিক জাদুঘর’ করা এবং বাংলাদেশ আর্মি স্টেডিয়ামের নাম পরিবর্তন করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা আর্মি স্টেডিয়াম করার দাবি জানায়।
