চ্যাম্পিয়ন্স লিগের পর এবার বিশ্বকাপ শিরোপা জয় করতে চান রোনাল্ডিনহো
বার্সেলোনার পক্ষে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের পর ব্রাজিলের তারকা ফুটবলার রোনাল্ডিনহো এবার বিশ্বকাপ শিরোপা জয়ের মাধ্যমে এই মৌসুমটি স্মরণীয় করে রাখতে চান।
দু’বার বিশ্বের সেরা ফুটবলার হওয়ার গৌরব অর্জনকারী রোনাল্ডিনহো জানান, ব্রাজিলকে ষষ্ঠবারের মত শিরোপা এনে দিতে পারলে বছরটি অর্থপূর্ণ হয়ে উঠবে। খবর বিভিন্ন বার্তাসংস্থার।
ব্রাজিলের প্রাক--বিশ্বকাপ প্রশিক্ষণ শিবিরে অবস্থানরত রোনাল্ডিনহো বলেন, “আমি মনে করি বিশ্বের সকল ফুটবলারই চাইবে বিশ্বকাপ শিরোপা জয় করতে। আমরা যদি শিরোপা জয় করতে পারি তাহলে আমার জন্য বছরটি অর্থময় হবে।
তিনি আরও বলেন, “যাই ঘটুক না কেন এই মৌসুম আমার ক্যারিয়ারের সেরা সময় এবং বিশ্বকাপ আসরে বিশেষ কিছু করার সুযোগ রয়েছে আমার যা আমি হাতছাড়া করতে চাই না।”
রোনাল্ডিনহোর কথা অনুযায়ী ২০০৬ সালের বিশ্বকাপ আসরে ব্রাজিল যদি শিরোপা জয় করে তাহলে রোনাল্ডিনহো একই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ ও বিশ্বকাপ শিরোপা জয়ী ফুটবলারদের তালিকার স্থান করে নিবেন। সারা বিশ্বের মাত্র ৮ জন ফুটবলার এই কৃতিত্ব অর্জন করতে সমর্থ হন।
২০০২ সালে ব্রাজিলের অপর ফুটবলার রিয়াল মাদ্রিদের রর্বাতো কার্লোস, ১৯৯৮ সালে ফ্রান্সের ক্রিস্টিয়ান ক্যারেমবু, ১৯৭৪ সালে বার্য়ান মিউনিখের অধিনায়ক ফ্রেঞ্জ বেকেনবাওয়ারসহ ছয়জন এই কৃতিত্ব অর্জন করেন।
