তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাতক্ষীরায় যুবক খুন
সাতক্ষীরার আশাশুনি উপজেলার গদাইপুকুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আলীমুর রহমান সন্টু (২৪) নামে এক যুবক খুন হয়েছে।
নিহত সন্টু একই গ্রামের নজরুল ইসলাম মোল্লার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার দুপুরে পুকুরে গোসল করার সময় একই গ্রামের স্বাস্থ্য কর্মী ঝর্না খাতুনের আড়াই হাজার টাকা হারিয়ে যায়। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে চাচাতো ভাই শিমুল সন্টুর মাথায় আঘাত করলে সে সংজ্ঞাহীন হয়ে পড়ে। আশংকাজনক অবস্থায় প্রথমে তাকে খুলনা গরীব নেওয়াজ ক্লিনিক এবং পরে ঢাকায় পাঠানো হয়। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় রোববার সন্টু মারা যায়।
ময়নাতদন্তের জন্যে রোববার সন্ধ্যায় নিহতের লাশ সাতক্ষীরা সদর হাসপাতালে আনা হয়।
এ ঘটনায় আশুশানি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
