ঢাকায় নির্যাতনের শিকার গৃহপরিচারিকা পটুয়াখালী হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছে
ঢাকায় গৃহকর্তার নির্যাতনের শিকার আকলিমা (১৬) নামে এক গৃহপরিচিকা পটুয়াখালী সদর হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছে।
আকলিমা পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়নের মধ্য ধরান্দী গ্রামের দিন মজুর আব্দুর রাজ্জাকের মেয়ে।
আকলিমা ও তার পরিবারের সদস্যদের অভিযোগ, প্রায় চার মাস আগে উন্নয়ন সংস্থা সাউথ এশিয়া পার্টনারশীপ (স্যাপ) বাংলাদেশের কর্মকর্তা আনোয়ার হোসেন ঢাকায় তার শ্বশুড়ের বাসায় কাজের জন্য পটুয়াখালী স্যাপ কার্যালয়ের কর্মকর্তাদের মাধ্যমে ঢাকায় নিয়ে যান।
ওই বাসার গৃহকর্তা আকলিমার উপর বিভিন্ন শাররীক নির্যাতন চালায় বলে তারা অভিযোগ করে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
নির্যাতনের এক পর্যায়ে আকলিমা গুরুতর অসুস্থ হয়ে পড়লে ডায়রিয়া আক্রান্ত হয়েছে বলে তার বাবা মাকে খবর দেওয়া হয়। খবর পেয়ে আব্দুর রাজ্জাক মূমুর্ষ অবস্থায় তার মেয়েকে ঢাকা থেকে বাড়িতে নিয়ে আসেন।
এদিকে স্যাপ বাংলাদেশের নির্বাহী পরিচালক সৈয়দ নূরুল আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্যাতনের ঘটনার সাথে স্যাপ’র কোনও সম্পর্ক নেই। তবে মানবাধিকার বিষয় নিয়ে সংস্থাটি কাজ করে বলে ঘটনাটি খতিয়ে দেখতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
