বুয়েটে পরীক্ষা পিছানোর দাবিতে আন্দোলনকারী ছাত্রদের বাধার মুখে সাংবাদিকরা
বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(বুয়েট) শিক্ষার্থীরা রোববার পরীক্ষা পিছানোর দাবিতে আন্দোলনের সময় ফটো সাংবাদিকদের এবং ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের কাজে বাধা দিয়েছে। চিহ্নিত হওয়ার ভয়ে আন্দোলনকারীরা এ কাজ করে।
সূত্র জানায়, গণমাধ্যমে তাদের ছবি প্রচার বা প্রকাশিত হলে আন্দোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে এ আশঙ্কায় সাংবাদিকদের বাধা দেয় তারা।
আন্দোলনকারীরা এসময় আরটিভি’র ক্যামেরা এবং ক্যাসেট এবং বিডিনিউজের ফটোসাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নেয়। পরে তাদের ছবি না তোলার শর্তে ক্যামেরা ও ক্যাসেট ফেরত দেওয়া হয়।
বুয়েটের সকল বর্ষের শিক্ষার্থীরা তাদের ফাইনাল পরীক্ষা বিশ্বকাপ ফুটবল খেলা শেষ হওয়া পর্যন্ত পিছিয়ে দেওয়ার দাবিতে দিনভর এ আন্দোলন করে। এ সময় কোনো কর্মকর্তা--কর্মচারীদের তারা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে দেয়নি। ফলে বিশ্ববিদ্যালয়ের সকল প্রশাসনিক কার্যক্রম বন্ধ ছিলো। ৩ জুন থেকে সকল বিভাগের সকল বর্ষের টার্ম ফাইনাল পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে।
