২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিলের গোলরক্ষককে অপবাদ দেবেন না- দিদা

জার্মানি বিশ্বকাপে ব্রাজিল দলের গোলরক্ষক দিদা ১৯৫০ সালের বিশ্বকাপের ফাইনালে উরুগুয়ের বিরুদ্ধে হেরে যাওয়া দলের গোলরক্ষকের পক্ষে সাফাই গেয়েছেন। তৎকালীন ব্রাজিলের গোলরক্ষক মোয়াসির বারবোসাকে ক্ষমা করে দেওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন দিদা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2006, 08:14 PM

Updated : 26 Apr 2022, 03:41 PM

১৯৫০ সালে নিজেদের মাটিতে আয়োজিত বিশ্বকাপের ফেবারিট ব্রাজিলের গোলরক্ষক ছিলেন বারবোসা। দুর্ভাগ্যজনকভাবে সেই বিশ্বকাপের ফাইনালে মারাকানা স্টেডিয়ামে উপস্থিত প্রায় দুই লাখ দর্শকের হৃদয় ভেঙ্গে দিয়ে উরুগুয়ের বিরুদ্ধে ২ - ১ গোলে হেরে যায় স্বাগতিক ব্রাজিল।

শনিবার সাংবাদিকদের সাথে আলাপকালে দিদা বলেন, সেই ফাইনালের পর বারবোসাকে মানসিকভাবে অনেক শাস্তি পেতে হয়েছে, সবচেয়ে দুঃখজনক হচ্ছে আমরা তাকে মনে রাখিনি।

দিদা বলেন, একটি মাত্র ম্যাচ দিয়ে তাকে বিচার করা উচিত হয়নি। সত্যি বলতে সে বেশ কিছু ভালো সেভও করেছে, ব্রাজিল দলকে বেশ কয়েকবার রক্ষার করার জন্য হলেও তাকে সকলের মনে রাখা উচিত ছিল। 

২০০০ সালে ৭৯ বছর বয়সে মৃত্যুবরণকারী বারবোসা বলেছিলেন, ব্রাজিলের সবচেয়ে দুর্ভাগ্যজনক পরাজয়ের জন্য তাকে মৃত্যুদন্ডের মতই শাস্তি ভোগ করতে হয়েছে।

মৃত্যুর কিছুক্ষণ আগেও বারবোসা আক্ষেপ করে বলেছিলেন, ব্রাজিলে ৩০ বছর ধরে মৃত্যুদন্ড নিষিদ্ধ হলেও আমি ৫০ বছর ধরে কারাগারে জীবন কাটিয়েছি।

সেই বিশ্বকাপের ফাইনালে ব্রাজিল -- উরুগুয়ে ১ -- ১ গোলে সমানতালে এগিয়ে চললেও বারবোসা ক্ষনিকের অসতর্কতায় চিকো ঘিগিয়াসের চতুরতার কাছে পরাস্ত হন। খেলা শেষ হওয়ার ১১ মিনিট আগে বারবোসার দুই পায়ের ফাঁক গলিয়ে বল জালে ঠেলে দিয়ে বিজয় ছিনিয়ে আনেন চিকো।

গত দু’টি বিশ্বকাপে সাইডলাইনে থাকলেও দিদা এবার ব্রাজিল দলের প্রথম পছন্দ। ১৩ জুন ক্রোয়েশিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে ব্রাজিল।

দিদা জানান, তার স্বপ্ন ছিল বিশ্বকাপে খেলা। এই মুহূর্তে স্বপ্ন পূরণের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন দিদা।

বলেন, আমি শুধু বিশ্বকাপে খেলতেই চাইনা, শিরোপাও জিততে চাই।