২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিমেন্সকে বাড়তি ১৭৮ কোটি টাকা দিচ্ছে আরপিসিএল

পল্লী বিদ্যুত সমিতিগুলোর মালিকানাধীন রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড (আরপিসিএল) একটি প্রকল্পের জন্য জার্মান প্রতিষ্ঠান সিমেন্সকে বাড়তি ১৭৮ কোটি টাকা দিচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2006, 07:23 PM

Updated : 26 Apr 2022, 03:42 PM

শম্ভুগঞ্জ ৩য় পর্যায়ের ৭০ মেগাওয়াট ইউনিট স্থাপন এবং পুরো কেন্দ্রকে সিঙ্গেল থেকে কম্বাইন্ড সাইকেল বিদ্যুত কেন্দ্রে রূপান্তর প্রকল্পে এ অনিয়ম ঘটছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়।

২০০২ সালের ১২ সেপ্টেম্বর সিমেন্স এবং আরপিসিএল’র মধ্যে মূল চুক্তি স্বাক্ষরিত হয়।

তহবিল জটিলতায় গত বছরের ২২ মার্চ অন্য একটি চুক্তি স্বাক্ষর করা হয়। এতে বলা হয়, ৩৯ মাসের বিলম্বিত পেমেন্ট’র জন্য আরপিসিএল সিমেন্সকে অতিরিক্ত ১৭৮ কোটি টাকা সুদ দেবে।

পরে ২০০৫ সালের ২৫ সেপ্টেম্বর নতুন এক চুক্তির আওতায় আরপিসিএল সিমেন্সকে পুরো অর্থ চলতি বছরের জানুয়ারি মাসের মধ্যে প্রদানে সম্মত হয়। কিন্তু বিলম্বিত পেমেন্ট’র বদলে একবারে টাকা দেওয়ার সিদ্ধান্ত হলেও সুদসহ মোট ৪১৯ কোটি টাকা দেওয়ার চুক্তি হয়।

আরপিসিএল এ টাকা দিতে ব্যর্থ হওয়ায় গত ৮ এপ্রিল সিমেন্স কাজ বন্ধ করে দিয়ে চলে যাওয়ার হুমকি দিলে পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) পুরো টাকা পরিশোধের গ্যারান্টি দিতে রাজি হয়।

সূত্র জানায়, আরপিসিএল’র দায় মেটানোর গ্যারান্টি কোনোভাবেই আরইবি’র না হলেও এ গ্যারান্টি দেওয়া হয়।

কাজ শেষ না হলেও নতুন চুক্তি অনুসারে আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে সিমেন্সকে বিলম্বিত পেমেন্ট’র ১৭৮ কোটি টাকাসহ পুরো অর্থ প্রদান করতে হবে।