বিমানের সকল লোকসানী রুট বন্ধ করার দাবি করেছে বাপা
বাংলাদেশ এয়ারলাইন্স পাইলট অ্যাসোসিয়েশন (বাপা) বিমানের সকল লোকসানী রুট বন্ধ করে দেওয়ার দাবি করেছে। একই সঙ্গে তারা বিমানে ভর্তূকি দেওয়ার জন্যেও সরকারের কাছে দাবি জানিয়েছে।
সূত্র জানায়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক মন্ত্রণালয়ে দেওয়া এক পত্রে বাপা নেতারা এ দাবি জানান।
ওই পত্রে বিমানের লোকসানী নিউ ইয়র্ক ফ্লাইট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তকে অভিনন্দন জানানো হয় ।
আগের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩ জুন বিমানের সর্বশেষ নিউইয়র্ক ফ্লাইট পরিচালনা করার কথা ছিলো। কিন্তু বৃহস্পতিবার বিমানের পরিচালনা পর্ষদের এক সভায় ওই রুটের ফ্লাইট পরিচালনার সময়সীমা আরো প্রায় দু’মাস বাড়ানো হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী ২৯ জুলাই সর্বশেষ নিউইয়র্ক ফ্লাইট পরিচালিত হবে; আগস্ট মাস থেকে পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে এই রুট।
বিমান এখন সপ্তাহে একদিন (শুক্রবার) ঢাকা -- ব্রাসেলস -- নিউইয়র্ক রুটে একটি করে ফ্লাইট পরিচালনা করছে। প্রতি ফ্লাইটে বিমানকে লোকসান গুনতে হচ্ছে প্রায় ৫৫ লাখ টাকা। অর্থাৎ রিটার্ন ফ্লাইটসহ এই রুটে প্রতি ফ্লাইটে বিমানের লোকসান প্রায় এক কোটি ১০ লাখ টাকা।
বাপা’র সাধারণ সম্পাদক ফ্লাইট ক্যাপ্টেন মাহবুব বিডিনিউজকে দেওয়া প্রতিক্রিয়ায় বলেন, নিউইয়র্ক ফ্লাইট বন্ধ করার পাশাপাশি বিমানের উচিত হবে একই সঙ্গে ফ্যাঙ্কফুর্ট, প্যারিস ফ্লাইটসহ বেশ কিছু লোকসানী ফ্লাইট বন্ধ করে দেওয়া।
তিনি বলেন, লোকসান কমিয়ে আনতে ব্যাঙ্কক, সিঙ্গাপুরসহ ফার ইস্ট রুটেও ফ্লাইট সংখ্যা কমানো প্রয়োজন। অন্যদিকে বিমানের উচিত হবে মধ্যপ্রাচ্যের লাভজনক রুটসমূহের সেবার মান বৃদ্ধি করে এই রুটসমূহের প্রতি নজর দেওয়া।
তিনি আরো বলেন, এখন সময় এসেছে আরো লোকাসান বাড়ার আগেই পুরোবিষয়টি খতিয়ে দেখে বিমানের ফ্লাইট বিন্যাস করার।
ক্যাপ্টেন মাহবুব জানান, বাপা এরই মধ্যে সরকারকে দেওয়া এক পত্রে তাদের ওই অভিমত প্রকাশ করেছে। একই সঙ্গে জাতীয় পতাকাবাহী বিমানকে বাঁচাতে বাপা সাময়িক সময়ের জন্য এই সংস্থায় ভর্তূকি প্রদানের দাবি করেছে।
বিমান ২৬টি দেশে ও দেশের ভেতরে সাতটি গন্তব্যে আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ রুটে যাত্রী পরিবহন করছে। সংস্থার উড়োজাহাজ বহরে এখন ছয়টি ডিসি ১০, চারটি এয়ারবাস এবং চারটি এফ ২৮ রয়েছে।
