সিঙ্গাপুরে রাষ্ট্রপতির বাইপাস সার্জারি শুক্রবার
সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদের বাইপাস সার্জারি শুক্রবার করা হবে। সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুন্সী ফয়েজ আহম্মেদ বৃহস্পতিবার রাষ্ট্রপতির প্রেস সচিব মোখলেসুর রহমান চৌধুরীকে এ কথা জানিয়েছেন।
মুন্সী ফয়েজ আহম্মেদ জানিয়েছেন, বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. এমসি টং রাষ্ট্রপতির অস্ত্রোপচার করবেন। বাইপাস সার্জারির সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকরা এ ব্যাপারে সকল পরীক্ষা--নিরীক্ষা সম্পন্ন করেছেন। এনজিওগ্রাম করার পর রাষ্ট্রপতির হার্টে একটি ব্লক ও দুটি আংশিক ব্লক পাওয়া গেছে।
রাষ্ট্রপতি সিনিয়র কনস্যালট্যান্ট মরিস চু’র তত্ত্বাবধানে রয়েছেন।
অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার বঙ্গভবন অফিস থেকে রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদের চিকিৎসার খোঁজ--খবর নিয়েছেন।
এদিকে সিঙ্গাপুর সরকারর পক্ষ থেকে সেদেশে চিকিৎসাধীন বাংলাদেশের রাষ্ট্রপতির চিকিৎসার ব্যাপারে সকল ধরনের রাষ্ট্রীয় সম্মান ও সুযোগ সুবিধা প্রদান করা হয়েছে।
এদিকে রাষ্ট্রপতির রোগমুক্তি কামনা করে শুক্রবার বাদ জুম্মা দেশের সকল মসজিদে দোয়া করার জন্যে অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি মন্দির, গির্জা, প্যাগোডাসহ অন্যান্য উপাসনালয়ে প্রার্থনার আহ্বান জানান।
রাষ্ট্রপতির আরোগ্য কামনায় বঙ্গভবন জামে মসজিদে শুক্রবার বাদ জুম্মা এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। অস্থায়ী রাষ্ট্রপতি দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
এর আগে রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদকে মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় মেডিকেল চেক--আপের জন্যে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়।
সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্যে রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদকে নিয়ে বুধবার বিকেল ৫টা ৫০ মিনিটে ভিভিআইপি এয়ার অ্যাম্বুলেন্স করে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
