প্রবীণ সাংবাদিক মাশির হোসেনের ইন্তেকাল
জাতীয় প্রেসক্লাবের প্রবীণ সদস্য ও অধুনালুপ্ত দৈনিক বাংলার বিশেষ সংবাদদাতা, একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক মাশির হোসেন বৃহস্পতিবার সকালে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ........রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুেেমর প্রতি শ্রদ্ধা জাননোর জন্য লাশ বৃহস্পতিবার বিকাল ৫টায় প্রেসক্লাব প্রাঙ্গনে আনা হয় এবং বাদ আসর তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
প্রবীণ সাংবাদিক মাশির হোসেনের মৃত্যুতে জাতীয় প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক শওকত মাহমুদ গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তারা মরহুমের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
মরহুম সাংবাদিক মাশির হোসেন ১৯৩৬ সালের ২ ফেব্রুয়ারি ঢাকায় জন্মগ্রহন করেন। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি দৈনিক বাংলা, ইত্তেহাদ, ডন, ফিচার সিন্ডিকেটে সুনামের সাথে কাজ করেছেন। বাংলাদেশ বেতারের উত্তরণ অনুষ্ঠানের নিয়মিত কথিকা লেখক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ১৯৯৬ সালে মরহুম মাশির ক্রীড়া সাংবাদিক সমিতি কর্তৃক আন্তর্জাতিক ক্রীড়া দিবস পুরস্কার লাভ করেন।
