২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্মকর্তা কর্মচারিদের প্রতি বিদ্যুত প্রতিমন্ত্রীর হুশিয়ারি: মন্দ কাজের জন্যে তিরস্কৃত হতে হবে

নব নিযুক্ত বিদ্যুত প্রতিমন্ত্রী মেজর জেনারেল (অব:) মুহ: আনোয়ারুল কবীর তালুকদার বিদ্যুত বিভাগর সকল কর্মকর্তা কর্মচারিদের সতর্ক করে দিয়ে বলেছেন, প্রতিমাসে তাদের কার্যক্রম পর্যালোচনা করা হবে এবং ভালো কাজের জন্যে পুরস্কার ও মন্দ কাজের তিরষ্কার নিশ্চিত করা হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2006, 05:35 PM

Updated : 26 Apr 2022, 03:41 PM

মন্ত্রী বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে বিদ্যুত উপদেষ্টা কাউন্সিলের এক বৈঠকে সভাপতিত্ব করেন।

সরকার বিদ্যুত খাতকে সচল রাখতে এবং ক্রমান্বয়ে এ খাতকে আরও উন্নত করতে সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে বলে মন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এছাড়াও তিনি বিদ্যুৎ খাতের উন্নয়নের লক্ষ্যে কাউন্সিলের ইতোপূর্বে প্রদত্ত সুপারিশসমূহ অতিদ্রুত বাস্তবায়নের জন্যে বিদ্যুৎ কর্মকর্তাদের নির্দেশ দেন।

ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদার কথা উল্লেখ করে বিদ্যুত প্রতিমন্ত্রী বলেন, বিদ্যমান বিদ্যুৎ কেন্দ্রসমূহ এবং অন্যান্য সুবিধাগুলোকে যত বেশি সম্ভব দক্ষ ও কার্যকরভাবে ব্যবহার করে বিদ্যুতের চাহিদা ও সরবরাহের পার্থক্য কমিয়ে আনা হবে।

তিনি বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টা এবং কঠোর প্ররিশ্রমের মাধ্যমে বিদ্যুৎ খাতের সমস্যা দ্রুত অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে।

চলতি বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বিদ্যুৎ ও জ্বালানি খাতের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এ খাতের উন্নয়নে সরকারের সদিচ্ছার কোন কমতি নেই।

পুঁজি বাজারে ডেসকো এবং পিজিসিবি এর ২৫ শতাংশ শেয়ার ছাড়করণ কার্যক্রম ১০ জুনের মধ্যে শেষ করার জন্যে প্রতিমন্ত্রী সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

তিনি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ক্যাপটিভ বিদ্যুত ক্রয় সংক্রান্ত বিজ্ঞপ্তি আগামী এক সপ্তাহের মধ্যে পত্রিকায় প্রকাশের জন্যেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।

বৈঠকে অন্যান্যের মধ্যে সংসদ সদস্য আবু ইউসুফ মো. খলিলুর রহমান, বিদ্যুত সচিব আ ন হ আখতার হোসেন, জ্বালানি সচিব এ এম এম নাসিরউদ্দিন, বিদ্যুত উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান আ ন ম রিজওয়ান, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ও জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাফরুল হাসানসহ কাউন্সিলের সদস্যগণ উপস্থিত ছিলেন।