২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরার রাজলক্ষী কমপ্লেক্সে ডাকাতি, দেড় কোটি টাকার মালামাল লুট

রাজধানীর উত্তরাস্থ রাজলক্ষী কমপ্লেক্স থেকে ডাকাতরা বৃহস্পতিবার ভোরে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় দেড়কোটি টাকা মূল্যের মালামাল লুট করে নিয়ে গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2006, 05:11 PM

Updated : 26 Apr 2022, 03:41 PM

ডাকাতদল শপিং মলটির ৪র্থ তলার রাজমনি ও নন্দিনী জুয়েলার্স থেকে  এক কোটি ১৭ লাখ টাকা মূল্যমানের প্রায় ৬৫০ ভরি স্বর্ণালংকার এবং মিতালি নামে দোতলাস্থ অপর একটি দোকান থেকে নগদ টাকা ও মোবাইলসেটসহ প্রায় ২২ লাখ টাকার মালামাল নিয়ে যায় ।

ঘটনারপর সকালে পুলিশ সংজ্ঞাহীন দুই নিরাপত্তারক্ষীকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। ধারনা করা হচ্ছে তাদের নেশাজাতীয় খাবার খাইয়ে অজ্ঞান করে ডাকাতি সংঘটিত হয়েছে।

অপরদিকে দায়িত্বরত আরো চারজন নিরাপত্তারক্ষীকে খুঁজে পাওয়া যাচ্ছেনা।

ডাকাতির পর মার্কেটের ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। তারা বিক্ষোভ মিছিল এবং উত্তরার রাস্তা অবরোধ করে। তারা লুট হওয়া মালামাল উদ্ধারের জন্য পুলিশ প্রশাসনকে সময়সীমা বেধে দিয়ে বলেছে অন্যথায় তারা বৃহত্তর আন্দোলনে যাবে।

ব্যবসায়ী এবং স্থানীয় জনগণের বিক্ষোভের মুখে পুলিশ প্রাইভেঠ নিরাপত্তারক্ষী প্রতিষ্ঠান ’ভিজিলেন্স সিকিউরিটি লি:’ এর মালিক মেজর (অব:) হাফিজসহ মোট পাঁচজনকে গ্রেফতার করেছে।

মেজর (অব.) হাফিজকে সকাল ১০ টায় রাজলক্ষী কমপ্লেক্স-এর সামনে থেকে গ্রেফতার হন। গ্রেফতারকৃত অন্য চার জন কমপ্লেক্সের একটি টেইলরিং শপের কর্মচারী শাহীন ২৪, শহিদ ২২ খোকন ২০ ও ফরহাদ ২৮।

স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতারুজ্জামান বলেন, ব্যবসায়ীদের অভিযোগের প্রেক্ষিতেই আমরা মেজন হাফিজকে গ্রেফতার করেছি।

রাজলক্ষী কমপ্লেক্সের দোকান মালিক সমিতির সভাপতি আলী আকবর বলেন, ভবনটির মালিক প্রবীন চিত্র তারকা রাজ্জাককে আমরা বারবার সিসিটিভি বসানোর জন্যে অনুরোধ করলেও তিনি তা করেন নি।

তারা আরও অভিযোগ করেন প্রায় প্রতিদিনই অজ্ঞাত কিছু লোক মালিকদের অফিসে এসে অকারণে বসে থাকে। এবং তাস- জুয়া খেলে।

এ বিষয়ে কথা বলতে রাজ্জাকের সাথে যোগাযোগ করলেও তাকে পাওয়া যায় নি।

মার্কেটের সামনে এক দল পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়েছে।