নওগাঁয় র্যাবের সাথে ক্রসফায়ারে চরমপন্থি কমান্ডার নিহত
নওগাঁর রানীনগর উপজেলার বাতওয়াল এলাকায় বৃহস্পতিবার ভোরে র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাবের) এর সাথে ক্রসফায়ারে চরমপন্থি দলের কমান্ডার নিহত হয়েছে।
নিহত চরমপন্থি কমান্ডারের নাম আব্দুল রহিম ওরফে ভাগ্য ওরফে কিরণ। সে রানীনগর শাখার নিষিদ্ধ ঘোষিত পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (লাল পতাকা) কমান্ডার।
র্যাব জানায়, বুধবার র্যাবের একটি দল পাবনা জেলার চাটমোহরের ভেতিগ্রামে অভিযান চালিয়ে কিরণকে গ্রেফতার করে।
কিরণের দেয়া স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ তাকে সাথে নিয়ে অস্ত্র উদ্ধার এবং তার সহযোগীদের গ্রেপ্তারের জন্য বেতওয়াল এলাকায় পৌঁছলে আগে থেকে ওঁৎ পেতে থাকা কিরণের সহযোগীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। র্যাবও পাল্টা গুলি চালায়।
উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময়ের সময় কিরণ র্যাবের হেফাজত থেকে পালানোর চেষ্টা করলে ক্রসফায়ারে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।
র্যাব ঘটনাস্থল থেকে একটি পিস্তল, কয়েক রাউন্ড গুলি ও একটি ছুরি উদ্ধার করেছে।
র্যাব জানায়, নিহত কিরণের বিরুদ্ধে ছয়টি হত্যাসহ ১৮টি মামলা রয়েছে।
