গার্মেন্টস খাতে বিস্ফোরণ নাশকতামূলক ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ: বাবর
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বুধবার গার্মেন্টস খাতে বিস্ফোরণের ঘটনাকে নাশকতামূলক এবং দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ বলে উল্লেখ করেছেন।
তিনি বলেন, গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে এ বিষয়ে সরকারকে ইঙ্গিত দেওয়া হলেও আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে সক্রিয় করতে বিলম্ব হওয়ায় ঘটনা এতটা গভীরে গড়িয়েছে।
সচিবালয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অবশ্য বলেন, গোয়েন্দা প্রতিবেদনটি পূর্ণাঙ্গ ছিলো না, কিন্তু তাদের বক্তব্য কর্তৃপক্ষ বুঝতে পেরেছিলো।
তিনি বলেন, সিলেট, রাজশাহী ও খুলনা থেকে ফোর্স আনা হয়েছিলো। কিন্তু কর্মকর্তাদের কাছ থেকে সঠিক সময়ে নির্দেশ না পাওয়ার কারণে তারা যথাসময়ে অ্যাকশনে যেতে পারেনি।
কিন্তু পঞ্চাশ ভাগ শক্তির ব্যবহার এবং সতর্কতামূলক ব্যাবস্থা গ্রহণের আগেই পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসে দাবি করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শিল্প কারখানার নিরাপত্তা রক্ষায় যা যা প্রয়োজন, আমরা তার সবই করবো।
এক প্রশ্নের জবাবে বাবর মালিকদের নির্যাতনের কারণে শ্রমিকদের বিভিন্ন দুর্ভোগের কথা উল্লেখ করলেও বলেন, একটি মাত্র কারখানার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠলেও শতাধিক কারখানার শ্রমিকদের বিক্ষোভে অংশ নিতে দেখা গেছে।
কারা ওই নাশকতামূলক কাজের সাথে জড়িত তা সকলেরই জানা আছে, কারণ পরিস্কার দিনের আলোয় ওই ঘটনা ঘটেছে উল্লেখ করে লুৎফুজ্জামান বাবর ঘটনার সাথে বিরোধী দলের জড়িত থাকার ইঙ্গিত দেন। তাদেরকে খুঁজে বের করতে আমরা শেষ পর্যন্ত যাবো বলেও তিনি উল্লেখ করেন।
প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন, এ বিষয়ে অবশ্যই আমরা তদন্ত চালাবো এবং তদন্ত কমিটি গঠন করা হবে, কিন্তু সর্বপ্রথম আমাদের স্থিতিশীল পরিবেশ ফিরিয়ে আনতে দিন।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বিজিএমই্এ নেতৃবৃন্দের অভিযোগের বিষয়ে কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানান, যারা এই ঘটনার জন্য ভারতকে দায়ী করেছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা সম্পর্কে আমি কোন মন্তব্য করবো না কারণ তিনি একজন সিনিয়র নেতা। তবে ওই ঘটনা সর্ম্পকে তিনি যে কারও চেয়ে ভালো জানেন।
