২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিপিডির গোলটেবিল বৈঠক: অসম অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণেই পোশাক খাতে এ অস্থিতিশীলতা

রাজধানী ঢাকায় বুধবার আয়োজিত এক গোলটেবিল বৈঠকে দেশের পোশাক খাতে চলমান অস্থিতিশীলতার জন্য অসম উন্নয়নকেই দায়ী করা হচ্ছে। এতে বলা হয়, পোশাক শ্রমিকদের প্রয়োজন অনুযায়ী দাবি পূরণ করা হয়না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2006, 05:35 PM

Updated : 26 Apr 2022, 03:41 PM

রাজধানীর ব্র্যাক সেন্টার ইন মিলনায়তনে বুধবার সেন্টার ফর পলিসি ডায়লগ, সাসেক্সের উন্নয়ন শিক্ষা ইনস্টিটিউট (আইডিএস) ও ডেনমার্কের আন্তর্জাতিক শিক্ষা ইনস্টিটিউট (ডিস) এর যৌথ আয়োজনে ‘উন্নয়নের ভবিষ্যৎ চ্যালেঞ্জ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এ মন্তব্য করেন।

গোলটেবিল বৈঠকে বলা হয়, প্রত্যন্ত ও শহরাঞ্চল, গরীব ও ধনীর উভয় ক্ষেত্রেই অসম উন্নয়ন, অকার্যকর শাসনব্যবস্থাই দেশের উন্নয়নের ক্ষেত্রে প্রধান সমস্যা। এতে ২০১৫ সালের মধ্যে দেশের টেকসই উন্নয়নের সাথে সংশ্লিষ্ট ইস্যুগুলো নিয়ে আলোচনা করা হয়। 

সিপিডির নির্বাহী পরিচালক ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, দেশের ভবিষ্যৎ উন্নয়ন নির্দেশনা খুঁজে পেতে গবেষণার অভাব রয়েছে।

বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটির (ব্র্যাক) চেয়ারপারসন ফজলে হাসান আবেদ বলেন, পোশাক কারখানায় মঙ্গলবারের ঘটনা এটাই প্রমাণ করে যে, বৈদেশিক মুদ্রা অর্জনে সবচেয়ে বেশি ভুমিকা পালনকারী শ্রমিকদের স্বার্থ রক্ষা করতে আমরা ব্যর্থ হয়েছি।

উন্নয়নকর্মী শাহীন আনাম বলেন, অর্থনীতিতে গার্মেন্টস শ্রমিকদের অবদান ও তাদের বেতনের মধ্যকার অনুপাত একেবারেই অসামঞ্জস্যপূর্ণ।

পোশাক কারখানায় সাম্প্রতিক হামলার সাথে কিছু বেসরকারি সংগঠন (এনজিও) জড়িত বলে একজন গার্মেন্টস মালিকের মন্তব্য উল্লেখ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক নুরুল আলম বলেন, আমাদের দেশের এনজিওগুলো স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য ভাবমূর্তি  তুলে ধরতে ব্যর্থ হয়েছে।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আমিরুল ইসলাম চৌধুরী বলেন, দেশের সকল স্তরের জনগণের সমান উন্নয়ন নিশ্চিত করতে উন্নয়ন কর্মকা-ে এনজিও ও সরকারের ভূমিকা কেমন হবে তা আমাদের পুননির্ধারণ করা উচিৎ।

তিনি বলেন, আজকাল দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বহুলআলোচিত ইস্যু হলেও গরীবরা এখনো গরীবই রয়ে গেছে।

গোলটেবিল বৈঠকে স্বাস্থ্য ও শিক্ষা খাতের উন্নয়নের মান নিয়েও অসন্তোষ প্রকাশ করা হয়।

গোলটেবিল বৈঠকে ব্যাংক এশিয়া ও বাংলাদেশ অক্সিজেন কোম্পানির চেয়ারম্যান এম সায়েদুজ্জামান, বিডসের গবেষণা পরিচালক ড. রুশিদান ইসলাম রহমান, বাংলাদেশ ব্যাংকের ডব্লিউবিআইয়ের আবাসিক উপদেষ্টা অধ্যাপক সৈয়দ মইনুল আহসান ছাড়াও দেশের প্রখ্যাত শিক্ষাবিদ, নীতিনির্ধারক ও উন্নয়নকর্মীরা উপস্থিত ছিলেন।