বিশ্বকাপ আসরে আফ্রিকার স্বপ্ন আইভরিকোস্টকে নিয়ে
এ বছর আফ্রিকান নেশন্স কাপ আসরের রানার্স--আপ আইভরিকোস্ট দল বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টের সেমি ফাইনালে উঠবে। এ ধরনের স্বপ্নই এখন দেখছে আফ্রিকা মহাদেশ।
ইউরোপীয় ক্লাব চেলসি ও আর্সেনালের পক্ষে প্রচুর সফলতা লাভকারী দিদিয়ার দ্রোগবে ও কোলো টোরি রয়েছেন আইভরিকোস্টের বিশ্বকাপ স্কোয়াডে।
১৯৯০ সালে ক্যামেরুন অথবা ২০০২ সালে সেনেগালের সফল হওয়ার মত কিংবা তারচেয়েও বেশি কিছু করার স্বপ্ন দেখছে আইভরিকোস্ট। ক্যামেরুন ও সেনেগাল যখন বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহণ করে তখন উভয় দলই অনভিজ্ঞ ছিল। দারুন খেলা দেখিয়ে আফ্রিকার এই দেশ দু’টি বিশ্বের ফুটবল ভক্তদের মনে জায়গা করে নেয়।
বিশ্বকাপ টুর্নামেন্টের সেমি--ফাইনালে কখনই কোন আফ্রিকান দল উঠতে পারেনি। তবে ২০০৬ বিশ্বকাপ আসরে আফ্রিকান এলিফ্যান্ট খ্যাত আইভরিকোস্টকে নিয়ে এ ধরনের আশা করা ভুল হবে না। কারণ এই দলে অভিজ্ঞ ও তরুণ প্রতিভাবান ফুটবলার উভয়ই রয়েছে।
তাছাড়াও আইভরিকোস্টকে ফুটবলের সকলপ্রকার দিকনিদের্শনা দিচ্ছেন বিশ্বকাপ আসরে চারবার কোচ হিসেবে দেখা দেওয়া হেনরি মাইকেল। ফ্রান্স, ক্যামারুন ও মরক্কো দলকে কোচিং করিয়েছেন এই অভিজ্ঞ কোচ।
দু’বার বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা, টোটাল--ফুটবল খ্যাত নেদারল্যান্ড ও সার্বিয়া ও মন্টিনিগ্রোর বিরুদ্ধে মাঠে লড়াই করতে দেখা যাবে আইভরিকোস্টকে।
