২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কানসাট আন্দোলন নিয়ে মার্কিন দূতাবাসের ৩ কর্মকর্তার গোলাম রব্বানী ও স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে আলোচনা

কানসাট হত্যাকাণ্ড ও পল্লী বিদ্যুৎ আন্দোলন নিয়ে মঙ্গলবার মার্কিন দূতাবাসের তিন রাজনৈতিক কর্মকর্তা বিদ্যুৎ আন্দোলনের নেতা গোলাম রব্বানী এবং শিবগঞ্জ উপজেলা বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2006, 08:50 PM

Updated : 26 Apr 2022, 03:41 PM

মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা রবার্ট ওয়াং, লুক জাহ্নার এবং আলী সরকার গতকাল বেলা পৌনে ২টার দিকে রব্বানীর বাস ভবনে গিয়ে স্থানীয় সাংবাদিকদের সামনে সংক্ষিপ্ত আলোচনার পর আধঘন্টারও বেশি সময় রুদ্ধদ্বার বৈঠক করেন।

রুদ্ধদ্বার বৈঠক শেষে আলোচনার বিষয়বস্তু ও উদ্দেশ্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তারা এড়িয়ে গেলেও পল্লী বিদ্যুৎ উন্নয়ন সংগ্রাম পরিষদের আহ্বায়ক গোলাম রব্বানী জানান, পল্লী বিদ্যুৎ আন্দোলনের দাবি দাওয়া, হত্যাকাণ্ড, আগামী সংসদ নির্বাচন ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আলোচনায় তিনি গ্রামের সাধারণ মানুষ ও কৃষকদের সেচ কাজে বিদ্যুৎ--বঞ্চনা, পল্লী বিদ্যুতের অনিয়ম, দুর্নীতি ও হয়রানির কারণেই হাজার হাজার মানুষ ক্ষুব্ধ হয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে বলে জানিয়েছেন।

আলোচনায় তিনি কানসাট হত্যাকাণ্ডের জন্যে মূলত সাংসদ শাহজাহান মিয়াকেই দায়ী করেন। জনসাধারণ চাইলে আগামী সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবেই প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে কর্মকর্তাদের জবাবে জানিয়েছে।

গোলাম রব্বানীর সঙ্গে আলোচনা শেষে শিবগঞ্জ বিএনপি কার্যালয়ে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তারা আলোচনায় মিলিত হন। এখানে উপজেলা বিএনপি সভাপতি আফতাব উদ্দিন বলেন, বিদ্যুতের বঞ্চনা ও পল্লী বিদ্যুতের অনিয়মের বিরুদ্ধে প্রথম দিকে দলমত নির্বিশেষে সকল মানুষ অংশগ্রহণ করে এবং এ আন্দোলন সম্পূর্ণ অরাজনৈতিক হলেও পরবর্তীতে একে রাজনৈতিক রূপ দেওয়া হয়। একটি রাজনৈতিক গোষ্ঠীর ক্রীড়নক হিসেবে ব্যবহৃত হয়েছেন আন্দোলনের নেতা গোলাম রব্বানী।

কানসাট হত্যাকাণ্ডকে দুঃখজনক আখ্যায়িত করে আফতাব উদ্দিন বলেন, জনতা পুলিশের পাঁচটি গাড়ি পুড়িয়ে দেওয়ার পর পুলিশকে ঘিরে ধরলে নিরাপত্তার কারণে পুলিশ গুলি চালাতে বাধ্য হয়।

এরপর মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তারা শিবগঞ্জ পৌর চেয়ারম্যান, জেলা প্রশসক, পুলিশ সুপার ও জেলা জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে আলোচনায় মিলিত হন।

জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) ফেরদৌস আলম জানান, বিকেলে তার অফিস কক্ষে আলোচনার সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। কানসাট ট্র্যাজেডি এবং এ ব্যাপারে সরকারি পদক্ষেপ নিয়েও আলোচনা হয়েছে বলে তিনি জানান।