২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতার জন্য গোয়েন্দা সংস্থাগুলোকে দোষারোপ করলেন মাহমুদ

বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান মাহমুদুর রহমানর মঙ্গলবার জাতীয় নিরাপত্তা নিশ্চিত করায় ব্যর্থতার জন্য গোয়েন্দা সংস্থাগুলোকে দোষারোপ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2006, 08:20 PM

Updated : 26 Apr 2022, 03:41 PM

পোশাক কারখানায় হামলার প্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানাতে গিয়ে মাহমুদুর রহমান সাংবাদিকদের বলেন, প্রথম হামলাটি (গত বছরের ধারাবাহিক বোমা হামলা) হয়েছিল আমাদের সার্বভৌমত্বের ওপর। আর এখন দ্বিতীয় হামলাটি হচ্ছে দেশের অর্থনীতির ওপর।

তিনি বলেন, এটি গোয়েন্দা সংস্থাগুলোর চরম ব্যর্থতা। গত বছরের ধারাবাহিক বোমা হামলার ব্যাপারে সরকারকে অবহিত করতেও সংস্থাগুলো এর আগেও ব্যর্থ হয়েছিল।

এ ধরনের তৎপরতা চলতে থাকলে দেশে বিনিয়োগের পরিবেশ ও সার্বিক অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে বলে বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান মন্তব্য করেন। তিনি পোশাক খাতে অস্থিতিশীলতা সৃষ্টিতে উস্কানি প্রদানকারী রাজনৈতিক দল ও দুর্বল ব্যবস্থাপনার সমালোচনা করেন।

বাংলাদেশের মোট রপ্তানি আয়ের তিন-- চতুর্থাংশ আসে নিটওয়্যার এবং ওভেন পণ্য খাত থেকে। আর তাদের ৯৬ শতাংশ রপ্তানি হয়ে থাকে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের বাজারে।

পরবর্তী টার্গেট হিসেবে দেশের জ্বালানি খাতে হামলা হতে পারে বলে মাহমুদুর রহমান আশঙ্কা প্রকাশ করেন। এ জন্য তিনি গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।