২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পোশাক কারখানার হামলার পিছনে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে বিজিএমইএ, তদন্ত দাবি

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) সোমবার সাভার ও গাজীপুরে রপ্তানিমুখী পোশাক কারখানায় হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেছে সাম্প্রতিককালের এ ধরনের হামলার পিছনে গভীর ষড়যন্ত্র কাজ করেছে বলে বিজিএমইএ সন্দেহ করছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2006, 09:36 PM

Updated : 26 Apr 2022, 03:41 PM

বিজিএমইএ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ইউনিভার্সাল সোয়েটার লিমিটেডের ওপর সোমবারের হঠাৎ হামলা ছিল পূর্বপরিকল্পিত ও বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি ক্ষুণœ করার ষড়যন্ত্র।

হামলার জন্য দায়ীদের শাস্তি দিতে বিজিএমইএ অবিলম্বে তদন্ত পরিচালনা করতে সরকারের প্রতি আহ্বান জানায়।

ক্ষুব্ধ শ্রমিকরা সোমবার সকালে ইউনিভার্সাল সোয়েটার লিমিটেডের কারখানার সামনে সমবেত হয়ে সেখানে ভাংচুর চালায়। তারা সাভার রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের কয়েকটি কারখানাতেও হামলা চালায় ও কারখানায় আগুন ধরিয়ে দেয়।

এর আগে শনিবার গাজীপুরের মাওনা ক্রসিংয়ের কাছে পুলিশ বিক্ষুব্ধ পোশাক শ্রমিক ও স্থানীয় জনগণের ওপর গুলিবর্ষণ করলে এক শ্রমিক নিহত ও আরও অর্ধশতাধিক আহত হয়।

বকেয়া বেতন ও ভাতার দাবিতে বিক্ষোভ দেখাচ্ছিলো শ্রমিকরা।

তবে বিজিএমইএ’র বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি ক্ষতিগ্রস্ত পোশাক কারখানাগুলোর শ্রমিকদের মজুরি হালনাগাদ করা হয়েছে ও প্রতিটি কারখানা বেঁধে দেওয়া সামাজিক বাধ্যবাধকতাগুলো মেনে চলছে।

এতে বলা হয়, হামলার পিছনে যুক্তিসঙ্গত কোনো কারণ নেই। এটি সাধারণ শ্রমিকদের কাজ নয়। স্থানীয় ও আন্তর্জাতিক দোসরদের সহযোগিতায় এ হামলা চালানো হয়ে থাকতে পারে।

ক্ষতিগ্রস্ত সকল পোশাক কারখানায় কাজের পরিবেশ ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে বিজিএমইএ সরকারের প্রতি আহ্বান জানায়।