২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিদ্যুতের দাবিতে ভাংচুর

নিরবচ্ছিন্ন বিদ্যুত সরবরাহের দাবিতে রোববার রাতে দিনাজপুরের হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ব্যাপক ভাংচুর করেছে।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2006, 09:27 PM

Updated : 26 Apr 2022, 03:41 PM

সূত্র জানায়, বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতেও অগ্নিসংযোগ করে। এছাড়া তারা ফিসারিজ ডিপার্টমেন্ট ও জিমনেসিয়াম ভবনে ব্যাপক ভাংচুর করে।

ভাংচুরের ওই ঘটনার পর সোমবার বিশ্ববিদ্যালয়ের কোনো ক্লাস অনুষ্ঠিত হয়নি। বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থার সৃষ্টি হয়েছে।

শিক্ষার্থীদের অভিযোগ, প্রতিদিনই সেখানে আট থেকে ১০ ঘন্টা লোড শেডিংয়ের কারণে তাদেরকে প্রতিদিনই সমস্যা পোহাতে হয়।

চলমান এ বিদ্যুত সঙ্কটের ব্যাপারে শিক্ষার্থীরা রেজিস্ট্রারের সাথে যোগাযোগ করলে তিনি পল্লী বিদ্যুত সমিতিকেই দায়ী করেন।

পরে রোববার সন্ধ্যায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা দিনাজপুর পল্লী বিদ্যুত সমিতি-১ এর অফিস ঘেরাও করে। এছাড়া তারা দিনাজপুর--রংপুর সড়ক অবরোধ করে। 

খবর শুনে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আলহাজ আব্দুল মজিদ, শিক্ষক সমিতির সভাপতি হাসান ফুয়াদ ইন্তাজ ও ফিসারিজ বিভাগের প্রধান অধ্যাপক ফেরদৌস মাহমুদ ঘটনাস্থলে ছুটে যান।

ফেরদৌস মাহমুদ বিক্ষুব্ধ শিক্ষার্থীদের উদ্দেশ্যে গালাগাল করলে তারা আরো বেশি ক্ষুব্ধ হয়ে ওঠে।

পরে তারা ক্যাম্পাসে  ফিরে মিছিল বের করে।

একপর্যায়ে নতুন নিয়োগপ্রাপ্ত কিছু কর্মচারি ও কিছু বহিরাগত কয়েকজন শিক্ষার্থীকে মারধোর করে।

শিক্ষার্থীদের অভিযোগ, রেজিস্ট্রার ও শিক্ষক সমিতির সভাপতির নির্দেশে তাদেরকে মারধর করা হয়েছে।

ওই ঘটনার পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে আগুন ধরিয়ে দেয়। তারা ফিসারিজ বিভাগ, একাডেমিক ভবন ও প্রশাসনিক ভবনে ব্যাপক ভাংচুর চালায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাদের দাবির সমর্থনে সোমবার সকালে মিছিল করেছে।

অন্যদিকে ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার স্বার্থে সাধারণ ছাত্র ও ছাত্র সংগঠনগুলোর প্রস্তাবে ৬ সদস্যবিশিষ্ঠ একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা সোমবার দুপুরে ছাত্রদের সাথে কথা বলেন। পরে তারা প্রশাসনের সাথেও বৈঠকে বসেন।