ইনজুরি আক্রান্ত জার্মান বিশ্বকাপ দলে স্বস্তির বাতাস
ইনজুরির ভারে আক্রান্ত স্বাগতিক জার্মান বিশ্বকাপ দলের পালে অবশেষে স্বস্তির বাতাস লেগেছে। কারণ হচ্ছে সুইজারল্যান্ডে অনুশীলনরত জার্মান বিশ্বকাপ দলের সাথে যোগ দিয়েছেন ইনজুরি আক্রান্ত স্ট্রাইকার লুকাস পোডলস্কি এবং মিডফিল্ডার সেবাস্টিয়ান কেল।
পোডলস্কি পিঠের ব্যথা এবং কেল গোড়ালির ইনজুরিতে ভুগছিলেন দীর্ঘদিন ধরে। পোডলস্কি এবং কেল অনুশীলনে যোগ দিলেও কোচ জার্গেন ক্লিন্সম্যান চিন্তায় রয়েছেন দলের গুরুত্বপূর্ণ দুই ফুটবলার- সেন্ট্রাল ডিফেন্ডার ক্রিস্টোফ মেটজেল্ডার এবং লেফট ব্যাক ফিলিপ লামকে নিয়ে। দু’জনই এখনও চিকিৎসাধীন রয়েছেন।
কাফ মাসলের ইনজুরিতে আক্রান্ত মেটজেল্ডার সোমবার হালকা অনুশীলন করলেও বুধবারের আগে অনুশীলনে পুরোপুরিভাবে ফিরতে পারবেন না।
স্টেডি ডি জেনেভিতে অনুশীলন সেশনে মেটজেল্ডার জানান, সবকছিুই ঠিকঠাকমত চলছে, বুধবারের মধ্যে আমি মাঠে ফিরতে পারবো বলে আশা করছি।
অন্যদিকে লামের কনুইতে গত সপ্তাহে অস্ত্রোপচার হয়েছে। দলের সাথে অনুশীলনে যোগ দিতে দিতে তার এ মাসই শেষ হয়ে যাবে।
মাইক হাঙ্ক এবং টিম বোরস্কি ঠান্ডায় আক্রান্ত হয়ে গত বুধবারের অনুশীলনে যোগ দিতে পারেননি।
মিউনিখে ৯ জুন বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে কোস্টারিকার মুখোমুখি হবে স্বাগতিক জার্মানি।
