২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রী মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাত যাচ্ছেন

প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সংযুক্ত আরব আমিরাতে দু দিনের সরকারি সফরে মঙ্গলবার ঢাকা ত্যাগ করবেন। তার এ সফরকালে আলোচ্যসূচির মধ্যে তেলের দাম কমানো এবং উন্নয়ন সহযোগিতা, বিনিয়োগ ও জনশক্তি রপ্তানি বৃদ্ধির বিষয় রয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2006, 08:57 PM

Updated : 26 Apr 2022, 03:41 PM

সংযুক্ত আরব আমিরাতের আমির শেখ খলিফা বিন জায়েদ আল নাহইয়ানের সাথে আনুষ্ঠানিক আলোচনাকালে ঋণ বা ছাড় সুবিধায় কমমূল্যে তেল পাওয়ার সম্ভাব্যতার বিষয়টি উত্থাপন করবেন বলে আশা করা হচ্ছে।

পররাষ্ট্র সচিব হেমায়েতউদ্দিন বলেন, আশা করি, এ বিষয়টি আলোচনায় আসবে এবং আলোচনায় বিষয়টি উত্থাপিত হলে হ্রাসকৃত মূল্য এবং সহজ শর্তে পেট্রোলিয়ামজাত দ্রব্য সরবরাহের ক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাত কীভাবে আমাদের সহায়তা করতে পারে-- তা নিয়ে আমরা কথা বলব।

মধ্যপ্রাচ্যের বৃহত্তর তেল রপ্তানিকারক কোনও দেশে এটি প্রধানমন্ত্রীর দ্বিতীয় সফর। এর আগে মে মাসে সহজ শর্তে তেল পাওয়ার উদ্দেশে প্রধানমন্ত্রী কুয়েত সফরে যান।

বিশ্ব বাজারে তেলের মূল্য বৃদ্ধি পাওয়ায় সরকার কমমূল্যে তেল সরবরাহের জন্যে মরিয়া হয়ে উঠেছে।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এম মোর্শেদ খান, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. কামালউদ্দিন সিদ্দিকী এবং পররাষ্ট্র সচিব হেমায়েতউদ্দিন।