২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হুমায়ুন আজাদ হত্যা চেষ্টা মামলায় শায়খ, সানি ও সাদের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড আবেদন: ৪ দিনের রিমান্ডে সাদ

অধ্যাপক ড. হুমায়ুন আজাদ হত্যা চেষ্টা মামলার আসামি শায়খ আবদুর রহমান, আতাউর রহমান সানি এবং শফিকউল্ল্যাহ সাদকে গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্যে পুলিশ সাত দিনের রিমান্ডের আবেদন করলে এদের একজনকে চার দিনের রিমান্ডে দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2006, 06:33 PM

Updated : 26 Apr 2022, 03:41 PM

ঢাকার সিএমএম আদালতে সোমবার মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি ইন্সপেক্টর জিজ্ঞাসাবাদের জন্যে ওই আবেদন করলেও শুধু সফিকউল্লাহ সাদকে চার দিনের রিমান্ড দেওয়া হয়।

মামলার অন্য দুই আসামি শায়খ রহমান ও আতাউর রহমান সানি ঝালকাঠীর দুই বিচারক হত্যা মামলায় সেখানে অবস্থান করায় তাদের বিরুদ্ধে আবেদনটির শুনানী হয়নি।

রিমান্ড আবেদনে বলা হয়, শায়খ আবদুর রহমানের নির্দেশে সানি তার সহযোগীদের নিয়ে ২০০৪ সালের ২৭ ফেব্রুয়ারি বাংলা একাডেমীর সামনের রাস্তায় বির্শিষ্ট লেখক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. হুমায়ুন আজাদের ওপর হামলা করে। ওই সময় হুমায়ুন আজাদ ২১শের বই মেলা থেকে ফেরার পথে জঙ্গিরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। তার ভাই রমনা থানায় এ ব্যাপারে হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। পরে ২০০৪ সালের ১২ আগস্ট জার্মানিতে এক লেখক সম্মেলনে যোগ দিতে গিয়ে মিউনিখের একটি হোটেলে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে অধ্যাপক হুমায়ুন আজাদ মারা যান।