বিডি ফুডসের হেরোইন পাচার সংক্রান্ত প্রাথমিক রিপোর্ট পেশ করেছে তদন্ত কমিটি
বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে হেরোইন পাচারে বিডি ফুডসের বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্তে গঠিত তদন্ত কমিটি রোববার প্রাথমিক তদন্ত প্রতিবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করেছে।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেন, হেরোইন পাচারের সাথে জড়িত থাকার কথা বিডি ফুডসের চেয়ারম্যান স্বীকার করলেও তদন্ত কমিটি এর সাথে কোনও মন্ত্রী, এমপি, রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তাদের কারও জড়িত থাকার কোনও প্রমাণ তদন্ত কমিটি পায়নি।
তিরি আরও জানান, তদন্তের অংশ হিসেবে একটি দল বাংলাদেশ থেকে লন্ডনে যাবে এবং লন্ডন থেকেও একটি তদন্ত দল বাংলাদেশে আসতে পারে।
তদন্তের উল্লেখযোগ্য কয়েকটি দিক তুলে ধরে তিনি বলেন, ৭৫ কেজি হেরোইন পাচারের জন্য পাচারকারীরা ফল, সাবান ও টুথপেস্টের চালান ব্যবহার করে।
তিনি বলেন, পাচারকারীরা প্রথমে পাকিস্তান থেকে ভারতের মধ্য দিয়ে বাংলাদেশে হেরোইন নিয়ে আসে এবং পরে তা যুক্তরাজ্যে প্রেরণ করে।
এক্ষেত্রে বাংলাদেশকে ট্রানজিট হিসেবে ব্যবহার করা হয়।
মন্ত্রী জানান, কমপক্ষে তিনটি ভুয়া কোম্পানির সন্ধান পাওয়া গেছে যারা বিপি ফুডসকে এসব ক্ষেত্রে ছাতা হিসেবে কাজে লাগিয়েছে।
এক প্রশ্নের জবাবে বাবর বলেন, বিডি ফুডসের ব্যাংক হিসাব ও আয় সম্পর্কে তল্লাসি চালানো হচ্ছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ৬ এপ্রিল হেরোইন পাচার করা হয়েছে কি না তদন্ত কমিটি সে ব্যাপারে অনুসন্ধান শুরু করেছে।
সাড়ে ৭৫ কেজি হেরোইন পাচারের ব্যাপারে যুক্তরাজ্য কাস্টমস এক বার্তায় মুম্বাইয়ে ব্রিটিশ মিশনের মাধ্যমে বিডি ফুডসের অঙ্গ প্রতিষ্ঠান কিং এন্ড কোম্পানি, মেসার্স এমদাদ ট্রেডার্স, মেসার্স জামিল ইন্টারন্যাশনাল, মেসার্স এমএম এন্টারপ্রাইজ এবং গ্রীন হেভেন এন্টারপ্রাইজের বিরুদ্ধে অভিযোগ আনার পর সরকার বিষয়টি তদন্তের উদ্যোগ নেয়।
অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র মন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সারাদেশে এখনও অপরিবর্তিত আছে বলে জানান।
তিনি একথাও বলেন যে, পরিস্থিতির উন্নয়নে র্যাব ও পুলিশ যথাযথ পদক্ষেপ নিয়েছে।
