এইচএসসি পরীক্ষার পরিদর্শক দলে এসএসসি পাস বোর্ড কর্মচারী
এইচএসসি পরীক্ষার পরিদর্শক দলে এসএসসি পাস এক বোর্ড কর্মচারিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষার এ পর্যন্ত অনুষ্ঠিত ৪ টি বিষয়ের পরীক্ষায় বোর্ডের গাড়িতে নেয়ামুল হাওলাদার নামে ওই চতূর্থ শ্রেনীর কর্মচারিকে প্রথম শ্রেণীর কর্মকর্তাদের সাথে নকল রোধে কেন্দ্রে কেন্দ্রে দাবড়ে বেড়াতে দেখা গেছে।
সূত্র জানায়, বিষয়টি বোর্ডের কারো অজানা নয়। কিন্তু ওই কর্মচারী বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র মজিবর রহমান সারোয়ারের আত্মীয় হওয়ার সুবাদে বোর্ডের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারাও এ ব্যাপারে টু শব্দ করার সাহস পাচ্ছেননা।
সূত্র আরও জানায়, নেয়ামুল হাওলাদার বরিশাল শিক্ষা বোর্ডে নাম্বারিং মেশিন অপারেটরের দায়িত্বে নিয়োজিত। বর্তমানে বরিশাল শিক্ষা বোর্ড কর্মচারী সংঘের সাধারণ সম্পাদক। এছাড়া বরিশাল মহানগর শ্রমিকদলের একজন সক্রিয় সদস্য হিসেবে বিভিন্ন সভা সমাবেশে তাকে অংশগ্রহণ করতে দেখা যায়।
বোর্ড সূত্র জানায়, বোর্ডের প্রবিধিমালা এবং শিক্ষা মন্ত্রণালয়ের কাগজপত্রে নাম্বারিং মেশিন অপারেটরের পদটি চতুর্থ শ্রেনীর। চতুর্থ শ্রেনীর কর্মচারী হওয়া সত্ত্বেও নেয়ামুল হাওলাদার ১৭ মে অনুষ্ঠিত এইচএসসি বাংলা প্রথম পত্রের পরীক্ষায় বরগুনা জেলার বেতাগী উপজেলার বেতাগী--১২২ কেন্দ্রে পরিদর্শক দলের দায়িত্ব পালন করে।
বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পিয়ার উদ্দিন আহমেদ স্বাক্ষরিত পরিদর্শক দলের স্মারক নম্বর বশিবো/পনি/উমা-পরী:/২০০৬/৮০০, অপর সদস্যরা হলেন শিক্ষা বোর্ডের উপ-বিদ্যালয় পরিদর্শক খন্দকার অলিউল ইসলাম, ঝালকাঠি সরকারি কলেজের সহকারী অধ্যাপক আব্বাস উদ্দিন, পিরোজপুর জেলার স্বরুপকাঠী সরকারি কলেজের প্রভাষক অরুণ কুমার গাইন।
রোববার এইচএসসি’র বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষায় বোর্ড সচিব ওয়াফিজ মিয়ার সাথে নেয়ামুল হাওলাদার বরিশাল জেলার গৌরনদী, উজিরপুর এবং বাবুগঞ্জ উপজেলার আসরপুর কেন্দ্র পরিদর্শন করে। এ ব্যাপারে বোর্ডের শীর্ষ পর্যায়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, চতুর্থ শ্রেনীর এক কর্মচারীর অবস্থান যখন প্রথম শ্রেণীর কর্মকর্তার সমমান হয় তখন কর্মকর্তা হিসেবে নিজেকে ভাবতে খুব খারাপ লাগে। শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পিয়ার উদ্দিন আহমেদ জানান, বর্তমানে নেয়ামুল তৃতীয় শ্রেণীর কর্মচারী হিসেবে বোর্ডে কাজ করছে বলে তিনি অবগত রয়েছেন। তাই নেয়ামুলকে তিনি পরিদর্শক দলে অন্তর্ভূক্ত করেছেন। তবে, পরীক্ষা নিয়ন্ত্রক নেয়ামুলের শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে কোন তথ্য জানাতে পারেননি। এদিকে, সদ্য বোর্ড চেয়ারম্যান হিসেবে যোগদানকারী প্রফেসর মহিউদ্দিন বলেন, আমি সম্প্রতি বোর্ডের দায়িত্ব নিয়েছি তাই বিষয়গুলো পুরোপুরি অবগত নই।
