২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি’র দখলে দক্ষিনাঞ্চলের বরফ কল: ইলিশের মূল্য আকাশ ছোঁয়া

ইলিশ মৌসুমকে সামনে রেখে দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ মৎস্য বন্দর পটুয়াখালীর মহীপুর--আলীপুরের বরফ কল সিন্ডিকেট সক্রিয় হয়ে ওঠায় ইলিশ মাছের মূল্য কমছে না।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2006, 06:20 PM

Updated : 26 Apr 2022, 03:40 PM

ফলে সাধারণ মানুষের পাশাপাশি জেলেরাও ইলিশের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে। স্থানীয় সূত্র জানায়, এই সিন্ডিকেট এখন বিএনপি নেতাদের দখলে।

অন্যদিকে এ অবস্থা রোধ প্রতিরোতে জেলেরা সিন্ডিকেটের বিরুদ্ধে জনমত সৃষ্টির মাধ্যমে মৌসুম শুরুর আগেই আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে।

সূত্র জানায়, দীর্ঘদিন ধরে মৎস্যবন্দর আলীপুর মহিপুর বরফ কল সিন্ডিকেট সক্রিয় থাকায় উপকূলীয় জেলে ও আড়তদাররা এদের কাছে জিম্মি হয়ে পড়েছে।

মৎস্য বন্দরে ২৬টি বরফ কলের মধ্যে মাত্র চারটি কল চালু রেখে কৃত্রিম বরফ সংকট সৃষ্টি করে উচ্চ দামে বরফ বিক্রি করেছে। সিন্ডিকেটের এ কারসাজিতে ৬০ টাকা দরের এক ক্যান বরফ ১শ’ থেকে দেড়শ টাকা দরে কিনতে বাধ্য হচ্ছে জেলেরা।

এ ব্যাপারে জিনাত আইন প্লান্টের মালিক আনোয়ার হোসেন বিডিনিউজকে জানান, ইলিশের ভরা মওসুম শুরুর প্রাক্কালে ২৬টি বরফ কল মালিক একজোট হয়ে মাত্র চার/পাঁচটি কল চালু রেখেছে। ফলে চাহিদার তুলনায় উৎপাদন কম হওয়ায় কৃত্রিম বরফ সংকটকে পুজি করে চড়া দরে তা বিক্রি করছে।

ইলিশ মৌসুমে যে পরিমান মাছ ধরা পড়ে বরফ সংকটের কারণে জেলেরা তা সংরক্ষণ করতে পারেনা। এ অবস্থায় জালে ধরা পড়া মাছের এক তৃতীয়াংশ সাগরেই রেখে আসতে হয় বলে জানায় তারা।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে সিন্ডিকেটের একজন আইস ফ্যাক্টরির মালিক বিডিনিউজকে জানায়, বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং ও বরফ উৎপাদনে কাঁচামালের মূল্য বৃদ্ধির কারণে একাধিক বরফ কল মালিক আয়ের সাথে ব্যায়ের হিসাব মিলাতে না পাড়ায় তারা অধিকাংশ মিল বন্ধ করতে বাধ্য হচ্ছে।