২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণ নিয়োগের জের: ইসলামী বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, ভিসির পদত্যাগের দাবিতে মিছিল, সমাবেশ

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে গণনিয়োগের জের ধরে দু’দিন অচলাবস্থার পর রোববার বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। রেজিস্ট্রার ড. মসলেউদ্দিন এ ঘোষণা দেন। রোববার ভিসি রফিকুল ইসলাম ক্যাম্পাসে আসেননি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2006, 06:02 PM

Updated : 26 Apr 2022, 03:40 PM

তবে উপাচার্যের পদত্যাগের দাবিতে ছাত্রলীগ ও ছাত্রশিবির ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।

ক্যাম্পাস সূত্র জানায়, ইসলামী বিশ্ববিদ্যালয়ে গণ নিয়োগের পর চাকরি থেকে বঞ্চিত বিএনপি ও ছাত্রদল নেতারা কুষ্টিয়া শহরে অবস্থিত ট্রেজারার, একজন সিন্ডিকেট সদস্যের বাসভবন, বিশ্ববিদ্যালয় ক্লাবসহ বিশ্ববিদ্যালয়ের বাস ভাংচুর করে।

পরে তারা রেজিস্ট্রার ও ট্রেজারারের গাড়িতে আগুন ধরিয়ে দেয়।

এ পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস এবং পরীক্ষা আগামী ১০ জুন পর্যন্ত স্থগিত করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, গ্রীস্মকালীন ছুটি পূর্বনির্ধারিত রুটিন অনুযায়ী ২৪ মে থেকে শুরু হওয়ার কথা থাকলেও রোববার থেকে তা শুরু করা হয়েছে এবং ১০ জুন পর্যন্ত বন্ধ থাকবে।

অফিস আগে খুললেও সকল ক্লাস ও পরীক্ষা ১১ জুন থেকে শুরু হবে।

রোববার সকাল ১০টা থেকে ছাত্রীদের হল ত্যাগ করতে বলা হয়েছে।

গণনিয়োগের প্রতিবাদে ও ভিসির পদত্যাগের দাবিতে রোববার ছাত্রলীগ এবং ছাত্রশিবির ক্যাম্পাসে পৃথক পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।

উপাচার্যের পদত্যাগের দাবি জানিয়ে বেলা ১১টায় ছাত্রলীগ এবং ছাত্র শিবির কুষ্টিয়া-ঝিনাইদহ মহা - সড়ক অবরোধ করে রাখে

উপাচার্য রফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তাকে মোবাইল ফোনে হত্যার হুমকি দেওয়া হয়েছে তাই নিরাপত্তার কারণে আমি ক্যাম্পাসে আসিনি।

এ ব্যাপারে প্রশাসনের সহযোগিতা পেলে তিনি ক্যাম্পাসে আসবেন বলে জানান।

নিয়োগের ব্যাপারে তিনি জানান, নিয়ম মেনেই নিয়োগ দেওয়া হয়েছে।