খুলনায় সড়ক দুর্ঘটনায় ছাত্রী আহত হওয়াকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সাথে র্যাব-পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া
সড়ক দুর্ঘটনায় খুলনার সরকারি বিএল কলেজের একজন ছাত্রী আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে শনিবার কলেজের ছাত্রদের সাথে র্যাব--পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় বিক্ষুব্ধ ছাত্ররা এক ঘন্টা সড়ক অবরোধ করে রাখে।
সূত্র জানায়, শনিবার দুপুর পৌনে ১টায় বিএল কলেজের অর্থনীতি বিভাগের ১ম বর্ষের ছাত্রী রুমা আফরোজা মালা ও তার বড় বোন ইংরেজি বিভাগের ছাত্রী ফারহানা আফরোজা কলেজ থেকে বড়ি ফেরার জন্যে নগর পরিবহনের বাসে (চট্টগ্রাম--জ--৯২৪) উঠতে যায়। এ সময় মালা উঠতে গিয়ে পড়ে যায়। তাকে আহত অবস্থায় পার্শ্ববর্তী পিরামিড ক্লিনিকে ভর্তি করা হয়।
এ খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ ছাত্ররা কলেজের সড়ক অবরোধ এবং একটি বেবি ট্যাক্সি ভাংচুর করে। অবরোধ তুলে দিতে চাইলে র্যাব--পুলিশের সাথে ছাত্রদের ধাওয়া--পাল্টা ধাওয়া হয়। এ সময় আটজন ছাত্র আহত হয়। পরে শিক্ষকদের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয়া হয়।
