পাকিস্তান ভ্রমণে বাংলাদেশীদের পাক মন্ত্রী আহ্বান
পাকিস্তানের কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী নিলুফার বখতিয়ার তার দেশ ভ্রমণে বাংলাদেশীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
সফররত পাকিস্তানের পর্যটনমন্ত্রী শনিবার এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান।
দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) পর্যটনমন্ত্রীদের সম্মেলনে অংশ নিতে নিলুফার বখতিয়ার শনিবার ঢাকা আসেন। কক্সবাজারে ২১ মে সম্মেলনটি অনুষ্ঠিত হবে।
যেকোনো দেশেই পর্যটন শিল্পের বিকাশের জন্যে পাকমন্ত্রী গণমাধ্যমের ভূমিকার গুরুত্বারোপ করেন।
২০০৭ সালকে পাকিস্তান সরকার ঘোষিত ‘ পাকিস্তান ভ্রমণ বর্ষ’ এর কথা উল্লেখ করে তিনি বলেন, তার সরকার পর্যটকদের বিশেষ সুবিধা দেবে ও ভিসার নিয়মকানুনের ক্ষেত্রে আরো উদার হবে।
তিনি বলেন, যেকোনো ধরনের কর থেকে অব্যাহতি প্রদানের মাধ্যমে পর্যটন খাতে বিদেশী বিনিয়োগের খোঁজ করছে পাকিস্তান।
২০০৫ সালের ৮ অক্টোবরে পাকিস্তানের ভয়াবহ ভূমিকম্পের পর উদ্ধার অভিযানে সহযোগিতার জন্যে তিনি বাংলাদেশকে তার সরকারের পক্ষ থেকে ধন্যবাদ জানান।
বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানি হাইকমিশনার আইয়াজ আহমেদ খান সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
