চাঁপাইনবাবগঞ্জে সড়ক দূর্ঘটনায় মামা-ভাগ্নি নিহত, আহত ৪
চাঁপাইনবাবগঞ্জ- সোনমাসজিদ সড়কের শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুরে শুক্রবার দুপুরে একটি প্রাইভেট কার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ৪ জন আহত হয়েছে। নিহতরা হল, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রেহাইচর গ্রামের সাগর আলীর ছেলে শাহ আলম (১৬) ও একই গ্রামের গুমান আলীর মেয়ে টুম্পা (১২)। এরা সম্পর্কে মামা-ভাগ্নি।
দুর্ঘটনায় শাহআলমের মা সাইফুন (৫০) ও বোন নাসিমা গুরুতর আহত হলে তাদের আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর বোন ময়না (৩০), এবং ভাগ্নে মহব্বতকে (৯) প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। শাহ আলম প্রাইভেট কারটি চালাচ্ছিলো।
পুলিশ ও প্রত্যাক্ষদর্শী সূত্রে জানায়, আহত ও নিহতরা দুপুরে কারযোগে (নং ঢাকা মেট্রো ক ০৩-৫৫১২) সোনামসজিদ থেকে চাঁপাইনবাবগঞ্জের দিকে আসার সময় বিপরিত দিক থেকে আসা একটি ট্রাকের (নং- টাঙ্গাইলে-ট-০২-০১৫৪) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। স্থানীয়রা জানায় কারটি ট্রাকের নিচে দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয় লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে।
