বস্ত্র খাতের সকল উপখাতগুলোর মধ্যে সমন্বয় আনতে প্রধানমন্ত্রীর আহ্বান
প্রধানমন্ত্রী খালেদা জিয়া বৃহস্পতিবার দেশের রপ্তানি বাড়াতে বস্ত্র ও তৈরি পোশাক খাতের সকল উপখাতগুলোর মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেছেন।
বাংলাদেশ-চীন সম্মেলন কেন্দ্রে বৃহস্পতিবার টেক্সবাংলা - ০৬ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, ইউরোপীয় ইউনিয়ন, জাপান, কানাডা, নরওয়ে ও অস্ট্রেলিয়ার কাছ থেকে আমরা শুল্কমুক্ত প্রবেশাধিকার সুবিধা পাচ্ছি। শুল্কমুক্ত বাজার প্রবেশাধিকার সুবিধার সর্বোচ্চ সুফল নিশ্চিত করতে তিনি বস্ত্র ও তৈরি পোশাক খাতের সকল উপখাতগুলোর মধ্যে সমন্বয় আনতে পদক্ষেপ ও কর্মসূচি গ্রহণের আহ্বান জানান।
বাংলাদেশ বস্ত্র কারখানা সমিতি (বিটিএমএ) আয়োজিত চারদিনের তৃতীয় টেক্সবাংলা - ০৬ প্রদর্শনীতে দেশের প্রাথমিক বস্ত্র পণ্যগুলো প্রদর্শনের জন্যে রাখা হবে।
অর্থমন্ত্রী এম সাইফুর রহমান, বস্ত্র ও পাটমন্ত্রী শাহজাহান সিরাজ, বাণিজ্যমন্ত্রী এম হাফিজ উদ্দিন আহমেদ, জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান এবং বিটিএমএ ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আল আমিন উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন। বিটিএমএ চেয়ারম্যান এমএ আওয়াল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
দেশের বস্ত্র ও তৈরি পোশাক সামগ্রীর মান, দক্ষতা, সক্ষমতা ও প্রতিযোগিতাশীলতা বাড়াতে খালেদা জিয়া দীর্ঘমেয়াদি পরিকল্পনার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, দেশে ও দেশের বাইরে বস্ত্র ও তৈরি পোশাক সামগ্রীর ইতিবাচক ভাবমূর্তি উজ্জ্বল করতে এবং সম্প্রসারণে এ ধরনের প্রদর্শনী গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
অর্থমন্ত্রী সাইফুর রহমান বলেন, দেশের বস্ত্র খাতকে ১৯৯২ সালে থ্রাস্ট খাত হিসেবে ঘোষণা দেওয়ার পর থেকে দেশের নিজস্ব সম্পদ থেকে শিল্প ঋণ গ্রহণের মাধ্যমে প্রাথমিক বস্ত্র শিল্পগুলো উন্নত হচ্ছে।
জ্বলানি উপদেষ্টা মাহমুদুর রহমান বলেন, চলতি অর্থবছরে পোশাক প্রস্তুত খাতের প্রবৃদ্ধি ১৩ শতাংশের বেশি। দেশের ইতিহাসে এটি সর্বোচ্চ প্রবৃদ্ধি।
তিনি বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সাথে চুক্তি অনুসারে সরকার প্রতি ছয় মাসে গ্যাসের মূল্যের সমন্বয় না করায় বস্ত্র খাত গ্যাসের সাড়ে ৭ শতাংশ মূল্য সুবিধা পাচ্ছে।
বিটিএমএ চেয়ারম্যান আওয়াল বলেন, বস্ত্র ও তৈরি পোশাক খাতে প্রচুর লোক নিয়োগের মাধ্যমে ২০১০ সালের মধ্যে এ খাত থেকে রপ্তানি আয় ১০ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছানোর জন্যে সরকার একটি পরিকল্পনা চূড়ান্ত করেছে।
২৯টি কোম্পানির পৃষ্ঠপোষকতায় আয়োজিত প্রদর্শনীতে ৩৯টি কোম্পানির ৫২টি স্টলে বস্ত্র ও পোশাক খাতের বিভিন্ন সামগ্রী প্রদর্শিত হবে।
