মগবাজারে বোমার সরঞ্জাম বহনকালে আটক জেএমবি সদস্য উদয় ও আরিফের বিচারের রায় ২২ মে
আটককৃত জেএমবি’র দুই সদস্য উদয় ও আরিফের বিরুদ্ধে বিষ্ফোরক দ্রব্য মামলায় ২২ মে রায় দেবেন ঢাকা মহানগর আদালত।
ঢাকা মহনগর ১২ নম্বর বিশেষ ট্রাইবুনালের বিচারক হেলাল চৌধুরী বুধবার মামলাটির শুনানি শেষে রায় ঘোষণার তারিখ ধার্য করেন। শুনানিতে মামলার চার্জশিটভুক্ত ২২ জন সাক্ষীর মধ্যে ১৪ জনের সাক্ষ্য গ্রহণ করা হয় বলে সূত্র জানায়।
এপিপি মাহফুজুর রহমান পাটওয়ারী রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করলেও আসামি পক্ষে কোন আইনজীবী ছিলেন না। আসামিরা নিজেরাই রাষ্ট্রপক্ষের সাক্ষীদের জেরা করে।
গত বছরের ৩১ ডিসেম্বর বিকালে মগবাজারের সেবিকা হোটেলের সামনে থেকে ফুলের তোড়াসহ মিষ্টির প্যাকেটে বোমার সরঞ্জাম বহনের সময় হাফেজ আহম্মেদ কাদের মাইনুদ্দীন ওরফে উদয়কে আটক করা হয়। পরে তার দেয়া তথ্য মতে র্যাব ইষ্টার্ণ প্লাজা থেকে তার অপর সহযোগী আরিফকে গ্রেপ্তার করে।
র্যাব-২ এর এসআই জাহিদ হোসেন রমনা থানায় ওই দুই জনকে আসামী করে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করেন।
