বান্দরবানের ১৬টি গ্রামের ৩০ হাজার লোক বিদ্যুৎ থেকে বঞ্চিত
বান্দরবান জেলার থানচি উপজেলার ১৬টি গ্রামের প্রায় ৩০ হাজার মানুষ স্বাধীনতার ৩৫ বছর পরও আধুনিক সভ্যতার অন্যতম চাহিদা বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত রয়েছে।
সরকার দেশের প্রতিটি অঞ্চলে বিদ্যুতের ব্যবস্থা করার ঘোষণা দিলেও বান্দরবান জেলা সদরের বিরাট অঞ্চল রয়ে গেছে বিদ্যুতায়নের বাইরে।
এলাকাবাসী জানান, থানচি উপজেলার কুহালং ও রাজবিলা ইউনিয়নের পুরাতন চড়–ইপাড়া, মুসলিম পাড়া, কানায়ো পাড়া, মংপ্রু পাড়া, জয়মোহন পাড়া, প্রুমংউ পাড়া, হেব্রন পাড়া,্ উজিমুখপাড়া, উজি হেডম্যান পাড়া, চিংলু পাড়া, জদান পাড়া, খামাদং পাড়ায়, থোয়াগ্য পাড়া, চাকমা পাড়া, কাট্টলী পাড়া এবং ওয়াইব্রপাড়া এখনও বিদ্যুৎ পৌঁছেনি।
স্থানীয়রা অভিযোগে জানায়, বিদ্যুৎ প্রাপ্তি থেকে বঞ্চিত হওয়ার ফলে শিক্ষা-সংস্কৃতিসহ সকল প্রকার সুযোগ-সুবিধা এবং উন্নয়ন কর্মকান্ড থেকে পিছিয়ে রয়েছে এই উপজেলার প্রায় ৩০ হাজার মানুষ।
বিদ্যুতের অভাবে এখানে গড়ে উঠেনি উচ্চ শিক্ষালাভের কোনো প্রতিষ্ঠান। এমনকি পুর্ণাঙ্গ সরকারি হাইস্কুলও এখানে নেই। এর ফলে তারা দূর্বিষহ জীবনযাপন করছে।
স্থানীয়রা জানায়, তারা সবাই দরিদ্র এবং তারা কষ্টেশিষ্টে জীবনযাপন করে।
জেলার দুর্গমতম উপজেলা হচ্ছে থানচি। সম্প্রতি সড়ক যোগাযোগ গড়ে উঠলেও এখনও এর কাজ সম্পন্ন হয়নি।
স্থানীয়রা অভিযোগে জানায়, এখানে সরকারি অবকাঠামো বলতে উপজেলা প্রশাসন ছাড়া আর কিছুই নেই। প্রশাসনের কোনো কর্তা ব্যক্তিই থাকেন না সেখানে। মাস শেষে এসে বেতন-ভাতা উত্তোলন করেন চাকুরী না করেই।
ফলে থানচির কোনো উন্নয়ন কর্মকান্ডই হচ্ছে না। বিভিন্ন সময়ে মন্ত্রী, এম.পি, জনপ্রতিনিধি, প্রশাসন থানচিতে বিদ্যুত দেবার আশ্বাস দিলেও তা কেবল আশ্বাসেই সীমাবদ্ধ, বাস্তবায়নের কোনো উদ্যোগ নেয়া হয়নি।
সূত্র জানায়, থানচি উপজেলায় ’৯০ এর দশকে দেশের অন্যতম বৃহৎ স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠা করা হলেও শুধুমাত্র বিদ্যুতের অভাবে এটি চালু করা যায়নি।
স্থানীয় নেতৃবৃন্দ জানান, বিদ্যুৎ না থাকায় এখানে কোনো উন্নয়ন কর্মকান্ড হচ্ছে না। উপজেলা প্রশাসন, ব্যাংক, থানাসহ প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা দুরুহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বিদ্যুৎ না থাকায় সরকারি কর্মকর্তারা এখানে থাকতে চায় না।
এছাড়া বিদ্যুতের অভাবে এখানে পানীয় জলের তীব্র সংকট বিরাজ করছে।
উপজেলাবাসী অভিযোগ করেন, তারা দীর্ঘদিন যাবত সভ্যতার অন্যতম প্রধান চাহিদা বিদ্যুৎ সুবিধা পাওয়ার জন্য সরকারি উর্ধ্বতন মহলে দৃষ্টি আকর্ষন করে ব্যর্থ হয়েছেন।
