সকল জরুরী প্রসূতি সেবা কেন্দ্রে নিরাপদ রক্ত পরিসঞ্চালন ব্যবস্থা গড়ে তোলা হবে-স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য ও পরিবার কল্যানমন্ত্রী ড. খন্দকার মোশারফ হোসেন বলেছেন, ইতিমধ্যে যেসব উপজেলা হাসপাতালের জরুরী প্রসূতি সেবা কার্যক্রম চালু করা হয়েছে সেখানে অগ্রাধিকার ভিত্তিতে নিরাপদ রক্ত পরিসঞ্চালন কেন্দ্র গড়ে তোলা হবে।
“এই কার্যক্রম অন্যান্য উপজেলা হাসপাতালেও চালু করা হবে”, মোশারফ হোসেন মঙ্গলবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ১০টি উপজেলা হাসপাতালের জন্যে ব্লাড স্ক্রীনিং কিটস সরবরাহ অনুষ্ঠানে এ কথা বলেন।
মন্ত্রী এসময় আগামী দুই মাসের মধ্যে আরও ১৫টি উপজেলায় এ কার্যক্রম চালুর করার ঘোষণা দেন।
মন্ত্রী বলেন, ১৩১টি উপজেলায় জরুরী প্রসূতি সেবা কার্যক্রম চালু করা হয়েছে। ফলে ওই সকল উপজেলায় মা ও শিশু মৃত্যুর হার হ্রাস পেয়েছে ।
মোশারফ হোসেন বলেন, দেশে মোট ৯৮টি নিরাপদ রক্ত পরিসঞ্চালন কেন্দ্র চালু করা হয়েছে এবং শিগগিরই আরও ২০টি কেন্দ্র চালু করা হবে।
মন্ত্রী দশ উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের হাতে ব্লাড স্ক্রীনিং কিটস হস্তান্তর করেন।
স্বাস্থ্য সচিব একেএম জাফর উল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা এবং ইউনিসেফের কান্ট্রি প্রতিনিধি লুইস জর্জ আরসেনাল্ট।
ইউনিসেফের সহায়তায় উপজেলা হাসপাতালগুলোতে এসব স্বাস্থ্যসেবা সামগ্রী সরবরাহ বাবদ প্রায় ৭৬ হাজার ৬১৯ মার্কিন ডলার ব্যয় করা হয়েছে।
