২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবিতে জামায়াতপন্থি শিক্ষকদের হুমকিতে সিন্ডকেটের সভা স্থগিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জামায়াতপন্থি শিক্ষকদের হুমকিতে মঙ্গলবারের পূর্ব নির্ধারিত সিন্ডিকেট সভা স্থগিত হয়ে গেছে। আইন ও বিচার বিভাগে শিক্ষক নিয়োগে একজন জামায়াতপন্থি প্রার্থীকে সিলেকশন বোর্ড বাদ দিলে জামায়াতের অনুসারী শিক্ষকরা উপাচার্যকে সিন্ডিকেট সভা বাতিল করার হুমকি দেয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2006, 05:08 PM

Updated : 26 Apr 2022, 03:40 PM

সূত্র জানায়, রাবি সিন্ডিকেটের পূর্ব নির্ধারিত সভায় আইন ও বিচার বিভাগের ছয়জনকে স্থায়ীভাবে প্রভাষক হিসেবে নিয়োগের এজেন্ডা ছিল। তবে জামায়াতের অনুসারী প্রার্থীকে সিলেকশন বোর্ড মনোনীত না করায় বিশ্ববিদ্যালয়ের জামায়াতপন্থী শিক্ষকরা ক্ষুব্ধ হন। তারা পুনরায় সিলেকশন বোর্ডের সভা ডেকে তাদের প্রার্থীকে মনোনীত না করা পর্যন্ত সিন্ডিকেট সভা আহবান না করতে উপাচার্যের ওপর চাপ সৃষ্টি করে। এর পরও উপাচার্য সিন্ডিকেটের সভা আহবানের সিদ্ধান্ত নিলে জামায়াতপন্থি শিক্ষকরা যে কোনো মূল্যে তা ভ-ুলের হুমকি দেয়। শুধু তাই নয় মঙ্গলবারের সিন্ডিকেট সভা আহবান করলে বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার শিক্ষক নিয়োগ বন্ধ করে দেয়ারও হুমকি দেয় জামায়াতপন্থি শিক্ষকরা। উদ্ভুত পরিস্থিতিতে উপাচার্য পূর্ব নির্ধারিত সিন্ডিকেট সভা স্থগিত ঘোষণা করেন।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে উপাচার্য প্রফেসর এম. আলতাফ হোসোন সাংবাদিকদের কাছে সিন্ডিকেট সভা স্থগিতের সত্যতা স্বীকার করেন।

তিনি দাবি করেন, জামায়াতপন্থি শিক্ষকদের হুমকির ফলে নয়, অনিবার্য কারণ বশতঃ সিন্ডিকেটের সভা স্থগিত করা হয়েছে। তবে এর আগে উপাচার্য আইন ও বিচার বিভাগে শিক্ষক নিয়োগ জটিলতার ফলে জামায়াতের অনুসারী শিক্ষকদের সিন্ডিকেট সভা ভ-ুল করে দেওয়ার হুমকির কথা স্বীকার করেন।